
ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের পর সিরিজটি নিয়ে বেশ আলোচনা চলছে। তবে সবকিছু ছাপিয়ে বিশ্বক্রিকেটের নজর কেড়েছে একটি রানআউটের ঘটনা। যার পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন অনেক ক্রিকেট বোদ্ধারা।
ঘটনাটি ঘটেছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। ঢাকার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ইনিংসের ৩৯তম ওভারে নাটকীয়ভাবে রানআউটের শিকার হন সালমান আলী আগা। মিরাজের ওভারের চতুর্থ বলটি রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন স্ট্রাইক প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ান। এরপর বলটি সোজা মিরাজের দিকেই আসছিল। তবে নন-স্ট্রাইকে থাকা আগা রান নেওয়ার জন্য কিছুটা এগিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি দাগের বাইরে থেকেই বলটি ধরে মিরাজকে এগিয়ে দিতে চেয়েছিলেন।
তবে সেখানেই ঘটে যায় নাটকীয় ঘটনা। মিরাজ সেখান থেকে বল কুড়িয়ে সালমান ভেতরে আসার আগেই স্টাম্প ভেঙে দেন এবং আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান। এরপর সিদ্ধান্ত গড়ায় তৃতীয় আম্পায়ারের কাছে। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। আউটের ঘোষণার পর প্রতিবাদ জানিয়েছিলেন সালমান। তবে আম্পায়ারের সিদ্ধান্ত মেনেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
সালমানের এমন রানআউটের ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। কেউ কেউ এটাকে ক্রিকেটের নিয়মের মধ্যে বলে মিরাজের পক্ষ নেন। আবার কেউ কেউ এটাকে ‘স্পিরিট অব দ্য গেম’- বিরুদ্ধে আখ্যা দিয়ে মিরাজের কড়া সমালোচনা করেন।
তবে এই ঘটনায় আগাকে দায়ী করে বাংলাদেশের পক্ষই নিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এমসিসি জানায়, আম্পায়াররা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। বলটি তখনও খেলার মধ্যে ছিল। মিরাজ যখন স্টাম্প ভাঙেন, তখন ক্রিজের বাইরে ছিলেন আগা। তাই আউটের সিদ্ধান্তটি সঠিক।
এই ঘটনায় সালমানকে দায়ী করে এমসিসি জানায়, যখন সালমান বল তুলতে গিয়েছিলেন, তখন তাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড (ফিল্ডিংয়ে বাধা দেওয়া) আউটও দেওয়া যেত। তাই ওই সময় বল তোলার চেষ্টা না করে ক্রিজে ফিরে যাওয়া উচিত ছিল তার।
তবে মিরাজ চাইলে ‘স্পিরিট অব দ্য গেম’ বা খেলার চেতনার কথা বিবেচনা করে তার আপিল তুলে নিতে পারতেন। এমসিসি আরও জানায়, সালমান ভেবেছিলেন বলটি ডেড হয়ে গেছে। তাই অনিচ্ছাকৃত ধাক্কার পর তিনি ফিল্ডারকে সাহায্য করতে চেয়েছিলেন। এজন্য মিরাজ চাইলে অধিনায়ক হিসেবে আপিল তুলে নিতে পারতেন।
অবশ্য অধিনায়ক হিসেবে এটা ছিল মিরাজের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি তখন রানআউটকেই প্রাধান্য দেন। যার ফলে প্যাভিলিয়নে ফিরতে হয় সালমানকে।
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৬/বিটি






















