
পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। আগামীকাল বুধবার শুরু হচ্ছে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম খেলা। এই সিরিজ শেষ হলেই ছুটিতে যাবেন ক্রিকেটাররা।
সিরিজের আগে ক্রিকেটারদের জন্য ঈদ উপহারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগেরবারের মতো এবারও জাতীয় দলের ক্রিকেটাররা বোর্ডের পক্ষ থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন। জানা গেছে, মোট ৩০ জন ক্রিকেটারকে এই উপহার দেওয়া হবে।
শুধু ক্রিকেটাররাই নন, তাঁদের পরিবারের সদস্যদের জন্যও রাখা হয়েছে উপহার। ক্রিকেটারদের স্ত্রীদের জন্য আলাদা উপহার থাকছে। আর সন্তানদের জন্য দেওয়া হবে চকলেট। প্রতিটি ক্রিকেটারের জন্য প্রায় ১০ হাজার টাকা করে বাজেট ধরা হয়েছে।
এ ছাড়া দলের কোচিং স্টাফ থেকে শুরু করে সহায়ক কর্মীদের জন্যও ঈদ উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজকে ঘিরে প্রস্তুতিতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। গত বছরের অক্টোবরের পর থেকে একদিনের আন্তর্জাতিক খেলায় আর মাঠে নামেনি বাংলাদেশ দল। একই সময়ে টি–টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি দলটি। ফলে বেশ কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। এখন দেখার পালা মাঠের ক্রিকেটে কতটুকু আধিপত্য দেখাতে পারে দল।
গত বছরের জুলাইয়ে সবশেষ বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। তখন মিরপুরের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন কোচ হেসন ও অধিনায়ক সালমান আলী আগা। প্রায় আট মাস পর আবার একই মাঠে মুখোমুখি হবে দুই দল, তবে এবার একদিনের সিরিজে। এবার অবশ্য উইকেট নিয়ে অভিযোগ করেননি এখনো।
বাংলাদেশ সবশেষ গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ জিতেছিল। অন্যদিকে পাকিস্তান সর্বশেষ এই সংস্করণে খেলেছে গত বছরের নভেম্বরে। ঘরের মাঠে তখন শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে তিন শূন্য ব্যবধানে হারিয়েছিল তারা।
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/টিএ
























