
দেশজুড়ে পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় মেতেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ব্যাট-বল একপাশে তুলে রেখে তারা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।
বৃহস্পতিবার (২৮ মে) আনন্দের এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ও সরাসরি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি দেশের ক্রিকেট তারকারা।
পেসার তাসকিন আহমেদ এবারের ঈদ উদযাপন করছেন রাজধানী ঢাকাতে। ঈদের নামাজ শেষে মাঠেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তাসকিন বলেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার কোরবানি কবুল করুক। সবাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন। প্রত্যেক বছরের ঈদই স্পেশাল। আমি যখনই সুযোগ পাই, দেশে থাকলেই এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের চেষ্টা করি।
এদিকে ব্যস্ত সূচির মাঝে সুযোগ পেলেই নিজ জন্মভূমি বগুড়ায় ছুটে যান অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এবারও এর ব্যতিক্রম হয়নি। আজ সকালে বগুড়া শহরের ধরমপুর-মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে বাবা মাহবুব হামিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে মুশফিক বলেন, সবাই যার যার পরিবারের সঙ্গে সুস্থভাবে এবং সাবধানতা অবলম্বন করে ঈদ করবেন। পাড়া-প্রতিবেশী যারা গরিব, অসহায় মানুষ আছে, সবাইকে নিয়ে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।
জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেসবুকে লিখেছেন, বিশ্বাস, আত্মত্যাগ আর ভালোবাসার এই পবিত্র দিনে আপনাদের সবার ওপর বর্ষিত হোক আল্লাহর অশেষ রহমত। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।
ঈদ আনন্দের দিন বিসিবি সভাপতি তামিম ইকবাল ভক্তদের নিরাপদ ভ্রমণের আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য। ঈদের সময় বাসায় এবং ভ্রমণের পথে সবাই নিরাপদে থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা রইল। ঈদ মোবারক।
অন্যদিকে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সবার কোরবানি কবুলের দোয়া করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।
সব মিলিয়ে ক্রিকেট মাঠের লড়াই থেকে দূরে থেকে ঈদের এই দিনটি আপনজনদের সাথে দারুণ উপভোগ করছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
ক্রিফোস্পোর্টস/২৮মে২৬/এসএ























