
আসন্ন ফুটবল বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে একটি পূর্বাভাস আবারও আলোচনায় ঝড় তুলেছে। শেষ তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিল বিনিয়োগ ব্যাংক পেনমুর লিবেরাম।
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আবারও তাদের অনুমান জানিয়েছে। তাদের মতে এবার চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। তাদের অনুমান সত্যি হলে সেটি হবে ডাচদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ শিরোপা।
প্রতিষ্ঠানটির কৌশলবিদ ইয়োয়াখিম ক্লেমেন্ত এই হিসাব দাঁড় করাতে সাহায্য নিয়েছেন মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক সুবিধা এবং ফিফা র্যাঙ্কিংয়ের মতো তথ্যের।
তার মতে, এসব ভেরিয়েবল পারফরম্যান্সের ৫৫ শতাংশ ব্যাখ্যা করতে পারে, বাকি অংশ নির্ভর করে ভাগ্যের ওপর। ক্লেমেন্ত নিজে এই গবেষণার পরিধি সীমিত বলে উল্লেখ করলেও তার আগের রেকর্ড কিন্তু বেশ শক্তিশালী।
এর আগে তিনি জার্মানি, ফ্রান্স এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস দিয়েছিলেন।
প্রকাশিত এই প্রতিবেদনে স্পেন, ব্রাজিল, কিংবা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাউকেই শিরোপার দৌড়ে রাখা হয়নি। বরং প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো অনেকটাই মেসি নির্ভর। অন্যদিকে পর্তুগালও অনেকটাই ভরসা করে আরেক প্রবীণ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর। তবে আর্জেন্টিনার তুলনায় পর্তুগালের স্কোয়াডে বৈচিত্র্য ও গভীরতা বেশি। রোনালদো যদি পাশে সরে দাঁড়ান, অতিরিক্ত সময়ে পর্তুগালের জয়ের সম্ভাবনাই বেশি।
বিশ্লেষণে শক্তিধর দলগুলোর জন্য আরও কিছু অপ্রত্যাশিত ফলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্রাজিলকে রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে বিদায় নিতে দেখানো হয়েছে, যাকে প্রতিবেদন নিজেই ঐতিহাসিক ধাক্কা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে স্পেন ও ইংল্যান্ড সেমিফাইনালে গিয়ে দুই সম্ভাব্য ফাইনালিস্টের কাছে বিদায় নেবে।
ইউরোপের দুই দলের জন্য শিরোপার পথও সহজ হবে না। নেদারল্যান্ডস এগোবে মরক্কো, কানাডা এবং স্পেনকে হারিয়ে। আর পর্তুগালকে পেরোতে হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন হিসেবে নেদারল্যান্ডসকে বেছে নেওয়ার পেছনে ঐতিহাসিক যুক্তিও আছে। ডাচরা এর আগে তিনবার বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। অন্যদিকে পর্তুগালের বড় সাফল্য বলতে আছে শুধু ২০১৬ ইউরোর শিরোপা।
ক্লেমেন্তের ভাষায়, ইতিহাসের বিচারে নেদারল্যান্ডস সম্ভবত বিশ্বের সেরা দল, যারা এখনো বিশ্বকাপ জিততে পারেনি।
তবে বাজির বাজারের হিসেবে এই সম্ভাবনা খুবই কম। পলিমার্কেটের মতো প্ল্যাটফর্মে ডাচদের জয়ের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ ধরা হয়েছে। শেষ পর্যন্ত বাস্তব উত্তর দেবে বিশ্বকাপের মাঠই।
ক্রিফোস্পোর্টস/৬মে২৬/N/A























