Connect with us
ক্রিকেট

নাসুমের পাওনা নিয়ে বিতর্ক, সব টাকা পরিশোধের দাবি সিলেটের

Nasum and Sylhet
নাসুম আহমেদ ও সিলেট টাইটান্স। ছবি: সংগৃহীত

বিপিএলের গত আসরে দারুণ পারফরম্যান্স করেও পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুলেছিলেন নাসুম আহমেদ। এই বক্তব্য সামনে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এবার আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে সিলেট দল।

এক বিবৃতিতে সিলেট জানিয়েছে, চুক্তি অনুযায়ী নাসুমের যে পারিশ্রমিক নির্ধারিত ছিল, তার পুরো অর্থই ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তাদের দাবি, নাসুমের কোনো বকেয়া এখন আর দলের কাছে নেই।

post



গত মৌসুমে সিলেটের হয়ে ১২টি ম্যাচ খেলে ১৮টি উইকেট নেন নাসুম। দলের হয়ে অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। তার পারফরম্যান্সে ভর করেই দল দ্বিতীয় বাছাইপর্ব পর্যন্ত উঠেছিল। কিন্তু টুর্নামেন্ট শেষে তিনি অভিযোগ করেন, তার প্রায় ৩৫ লাখ টাকা এখনো পাননি।

এই অভিযোগের জবাবে সিলেট জানায়, নাসুম ‘বি’ শ্রেণিতে চুক্তিবদ্ধ ছিলেন এবং তার মোট পারিশ্রমিক ছিল ৩৫ লাখ টাকা। সেই অর্থ পুরোপুরি পরিশোধ করা হয়েছে বলেই দাবি করেছে দলটি। তাই বর্তমানে কোনো বকেয়া নেই বলে তারা স্পষ্ট করে জানিয়েছে।

বোনাসের বিষয়েও ব্যাখ্যা দিয়েছে সিলেট। তাদের মতে, নিলামের আগে কিছু মৌখিক আলোচনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল দল চ্যাম্পিয়ন হলে অতিরিক্ত বোনাস দেওয়া হবে। তবে যেহেতু দল শিরোপা জিততে পারেনি, তাই সেই বোনাস দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। চুক্তিপত্রে যা উল্লেখ ছিল, সেই অনুযায়ীই সব লেনদেন সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

পেমেন্ট পদ্ধতি নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে দলটি। সিলেটের দাবি, নাসুম নিজেই ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চাননি। তার অনুরোধেই পুরো অর্থ নগদে পরিশোধ করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালে নিরাপত্তার জন্য কিছু চেক দেওয়া হয়েছিল, যা অন্য খেলোয়াড়রা টাকা বুঝে নিয়ে ফেরত দিয়েছেন। তবে নাসুম এখনো সেই চেকগুলো ফেরত দেননি বলে অভিযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এছাড়া বিসিবি কার্যালয়ে উপস্থিত থেকে টাকা বুঝে নেওয়ার দিন নাসুম উপস্থিত ছিলেন না বলেও উল্লেখ করেছে সিলেট। পরে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি চেক ফেরত দেননি বলে জানানো হয়।

সবশেষে সিলেট জানায়, তারা সব সময় খেলোয়াড়দের পেশাদারিত্ব ও প্রাপ্য সম্মান বজায় রাখার চেষ্টা করে। এই ব্যাখ্যার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার হবে এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলেই আশা করছে দলটি।

ক্রিফোস্পোর্টস/১৩এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট