
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আজ (৭ ফেব্রুয়ারি) থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে, সেখানে নেই বাংলাদেশ। পারফরম্যান্স বা র্যাঙ্কিং নয়, বরং মাঠের বাইরের চরম রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের বলি হয়ে এবারের আসর থেকে ছিটকে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সংকটের মূলে আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক। কলকাতা নাইট রাইডার্স ৯.২০ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিলেও ভারতের কট্টরপন্থী কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে পড়ে বিসিসিআই। তাদের চাপের মুখে বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশনা দিলে কলকাতা তা কার্যকর করে।
এই ঘটনার পর ভারতে অবস্থানকালীন ক্রিকেটার, কোচিং স্টাফ ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয় বাংলাদেশে।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানায়। আইসিসির সঙ্গে এ নিয়ে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত জট খুলতে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রাখার বিতর্কিত পথ বেছে নেয় এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বিসিবি এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ জানালেও বিশ্ব ক্রিকেটে ভারতের একক আধিপত্যের কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি নিয়ে শুরুতে নীরবতা লক্ষ্য করা গেছে।
বাংলাদেশের এই অবস্থানের প্রশংসা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন। তিনি বলেন, বাংলাদেশ যেভাবে নিজেদের সিদ্ধান্তে অটল থেকে ক্রিকেটার মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। এই সংকটের শুরুটা হয়েছিল বিসিসিআইয়ের ব্যাখ্যাতীত এক সিদ্ধান্তের মাধ্যমে, যেখানে আইপিএল চলাকালীন হঠাৎ মুস্তাফিজকে বাদ দিতে বলা হয়েছিল।
ভারত-পাকিস্তান দ্বৈরথে নতুন মোড়
বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। তারা পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে। আইসিসির আয়ের প্রধান উৎস এই ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়ায় কয়েক হাজার কোটি টাকার লোকসানের আশঙ্কায় রয়েছে সংস্থাটি। পরিস্থিতি সামাল দিতে আইসিসি পর্দার আড়ালে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং নিষেধাজ্ঞার হুমকিও দিচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, হাই-ভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে আইসিসি।
ম্লান বিশ্বকাপের জৌলুস
নিয়মিত সদস্য এবং ক্রিকেটের অন্যতম পরাশক্তি বাংলাদেশ না থাকায় এবারের বিশ্বকাপ শুরুতেই বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে। ক্রিকেটবোদ্ধাদের মতে, মাঠের লড়াইয়ের চেয়ে যখন রাজনৈতিক হিসাব-নিকাশ বড় হয়ে দাঁড়ায়, তখন ক্রিকেটের স্পিরিটই পরাজিত হয়।
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি২৬/এনজি



























