Connect with us
ক্রিকেট

দুই বছর পর দলে ফেরা এবাদতকে নিয়ে আশাবাদী কোচ সিমন্স

Ebadot Hossain_Phil Simmons
এবাদতকে দেখতে মুখিয়ে আছেন সিমন্স। ছবি- সংগৃহীত

লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন এবাদত হোসেন। হাঁটুর লিগামেন্টের ইনজুরি কাটিয়ে প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দুই বছর পর টাইগারদের সাদা পোশাকে মাঠে নামার অপেক্ষায় সিলেট এক্সপ্রেস খ্যাত এই পেসার।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন এবাদত। ইনজুরিতে পড়ার আগে বল হাতে ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন এই তারকা। দীর্ঘদিন পর দলে ফিরে সেই পুরোনো ছন্দ ফিরে পাওয়াটা মোটেও সহজ হবে না। তবে এই পেসারকে নিয়ে আশাবাদী কোচ সিমন্স। শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেলে কেমন করবেন এবাদত, সেটা দেখতেই মুখিয়ে আছেন এই ক্যারিবিয়ান কোচ।

সিমন্স বলেন, ‘এবাদতকে দেখে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। সে লম্বা সময় পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে পেয়ে আমাদেরও ভালো লাগছে। এখন দেখার বিষয়, একাদশে সুযোগ পেলে সে কেমন পারফরম্যান্স করে।’




আরও পড়ুন:

» শ্রীলঙ্কায় প্রথম টেস্টের আগে বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ

» বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল শ্রীলঙ্কা


বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট খেলেছেন এবাদত। যেখানে ৩১ ইনিংসে বোলিং করে ৪২ উইকেট শিকার করেছেন এই পেসার। টেস্টে তার ক্যারিয়ারসেরা বোলিং ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচে এক ইনিংসে ৪৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন এই পেসার।

এই সিরিজের পর জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এবাদত। তবে ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুর লিগামেন্টের চোটে পড়েন তিনি। এরপর অস্ত্রোপচার এবং লম্বা সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে।

গত বছরের ডিসেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘ ১৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এবাদত। পুনরায় জাতীয় দলে ফিরতে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছেন তিনি। সম্প্রতি বাংলাদেশ এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে খেলেছিলেন তিনি। সেখানে ভালো পারফর্ম করে অবশেষে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে জাতীয় দলের টিকিট মিলেছে এই পেসারের।

এদিকে প্রথম টেস্ট সামনে রেখে গলে আজ (সোমবার) প্রথমদিনের মতো অনুশীলন করেছেন এবাদত-হাসান মাহমুদরা। আগামীকাল দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবেন তারা। এরপর মঙ্গলবার (১৭ জুন) শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট