Connect with us
ক্রিকেট

রংপুরকে হারিয়ে ঢাকার বিদায় নিশ্চিত করল চিটাগং

Chittagong kings defeats Rangpur
৬ জয়ে প্লে-অফে এক পা দিয়ে রাখল চিটাগং। ছবি- সংগৃহীত

চলতি বিপিএলে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয় সিলেট স্ট্রাইকার্সের। এবার সেই তালিকায় যুক্ত হলো ঢাকা ক্যাপিটালস। আজ বুধবার (২৯ জানুয়ারি) রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফে এক পা দিয়ে রেখেছে চিটাগং কিংস। আর রংপুরের এই হারেই বিদায় নিশ্চিত হয়েছে ঢাকার। লিগ পর্বে দুই ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে রাজধানীর দলটির।

এদিন লিগ পর্বে নিজেদের দশম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে চিটাগং কিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে রংপুর। জবাবে খেলতে নেমে ১৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগং।

রানতাড়ায় নেমে আকিফ জাভেদের বোলিং তোপে শুরুর দিকেই ফিরে যান লাহিরু মিলন্থ ও গ্রাহাম ক্লার্ক। লাহিরু ১২ বলে ৬ এবং ক্লার্ক ১২ বলে ১৫ রান করে ফেরেন। এরপর মিথুনের সঙ্গে ৩৪ এবং হায়দার আলীর সঙ্গে ৪৩ রানের দুটি জুটি গড়েন পারভেজ হোসেন ইমন। এই দুই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চিটাগং।




আরও পড়ুন:

» বিপিএলে ন্যাক্কারজনক কাণ্ড, ক্রিকেটারদের হোটেল ছাড়তে বললো রাজশাহী!

» চমক দেখিয়েও একটুর জন্য সেমিফাইনাল মিস হলো নাইজেরিয়ার


পারভেজ ৪৩ বলে ৪১ রান করে ফিরে যাওয়ার পর হায়দার আলীর ব্যাটে এগিয়ে যায় চিটাগং। ইনিংসের ১৭তম ওভারের প্রথম চার বলে ৪টি ছক্কা হারিয়ে দলের জয় নিশ্চিত করেন হায়দার। ১৮ বলে ১ চার ও ৬ ছক্কার মারে ৪৮ রান করে অপরাজিত ছিলেন এই পাকিস্তানি অলরাউন্ডার। এছাড়া মিথুনের ব্যাট থেকে আসে ২০ রান। রংপুরের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আকিফ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এর আগে ব্যাটিংয়ে নেমে ইফতেখার আহমেদের ৬৫, সৌম্য সরকারের ২৩, শেখ মেহেদির ২২ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১৪৩ রানের পুঁজি পায় রংপুর। চিটাগংয়ের হয়ে খালেদ আহমেদ ২টি এবং শামিম হোসেন ও শরিফুল ইসলাম ১টি করে উইকেট নেন।

এই জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে তিনে উঠে এসেছে চিটাগং কিংস। অন্যদিকে টানা তিন হারের পর শীর্ষস্থান খুইয়েছে রংপুর। নেট রান রেট কমে যাওয়ায় সমান ১৬ পয়েন্ট নিয়ে বরিশালের কাছে শীর্ষস্থান হারিয়েছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ১৪৩/৫ (২০ ওভার)
চিটাগং কিংস : ১৪৮/৫ (১৭.৪ ওভার)
ফলাফল: চিটাগং কিংস ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট