Connect with us
ক্রিকেট

অধিনায়ক শান্ত’র ইতিহাস, সেঞ্চুরিতে ছাড়িয়ে গেলেন মুশফিককে

মুশফিককে ছাড়িয়ে গেলেন শান্ত। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে আবারও ইতিহাস গড়লেন। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত এক শতকের মধ্য দিয়ে তিনি শুধু দলকেই শক্ত অবস্থানে নেননি, গড়েছেন বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাসও। অধিনায়ক হিসেবে ৫ শতকের মালিক তিনি, ছাড়িয়ে গেছেন মুশফিককে।

চা বিরতির ঠিক আগে শান্তর ইনিংস শেষ হলেও তার আগে তিনি পৌঁছে যান গুরুত্বপূর্ণ মাইলফলকে। মুহাম্মদ আব্বাসকে কভার অঞ্চলে চার মেরে ১২৯ বলে পূর্ণ করেন নিজের শতক। ১২টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ের দারুণ উদাহরণ।

সেঞ্চুরির পরের বলেই অবশ্য বিদায় নিতে হয় শান্তকে। আব্বাসের বলে এলবিডব্লিউর আবেদন প্রথমে নাকচ হলেও পাকিস্তান অধিনায়ক শান মাসুদের রিভিউয়ে সিদ্ধান্ত বদলে যায়। তাতে ভেঙে যায় ১৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি এবং শেষ হয় শান্তর অসাধারণ ইনিংস।



তবে আউট হওয়ার আগেই নিজের নাম লিখিয়ে ফেলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। এটি ছিল অধিনায়ক হিসেবে শান্তর পঞ্চম সেঞ্চুরি। মাত্র ১৭ ম্যাচেই এই কীর্তি গড়ে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল মুশফিকুর রহিমের দখলে। বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক ৩৪ ম্যাচে করেছিলেন চারটি সেঞ্চুরি। শান্ত অর্ধেকেরও কম ম্যাচে সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করলেন।

উল্লেখ্য, অধিনায়ক হিসেবে শান্তর সেঞ্চুরির যাত্রা শুরু হয় ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ২০২৪ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে করেন জোড়া সেঞ্চুরি। একই বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষেও শতক হাঁকান তিনি। আর এবার পাকিস্তানের বিপক্ষে মিরপুরে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড বইয়ে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি।

ক্রিফোস্পোর্টস/৮মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট