Connect with us
ফুটবল

এক রাতের জন্য কেপ ভার্দের সমর্থক ব্রাজিল-পর্তুগাল-ফ্রান্স!

মিয়ামি স্টেডিয়ামে আজ রাতে যখন আর্জেন্টিনা ও কেপ ভার্দে শেষ ৩২-এর লড়াইয়ে নামবে, তখন গ্যালারিতে এক অদ্ভুত দৃশ্য দেখা যেতে পারে। আপাতদৃষ্টিতে ম্যাচটি আর্জেন্টিনা বনাম সাড়ে পাঁচ লাখ মানুষের এক পুঁচকে দেশের হলেও, মাঠের বাইরে কেপ ভার্দে আজ পাশে পাচ্ছে এক বিশাল ‘ছদ্মবেশী’ সমর্থক। ফুটবল দুনিয়ার যত আর্জেন্টিনা-বিরোধী আছে, তারা সবাই আজ এক রাতের জন্য কেপ ভার্দের কট্টর সমর্থক বনে গেছেন! আর এই জোটের নেতৃত্বে আছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরা।

ফুটবল মাঠে আর্জেন্টিনা খেলবে আর ব্রাজিলের সমর্থকরা গ্যালারিতে বসে তাদের জয় চাইবে- এমন দৃশ্য অবাস্তব। নিজেদের হলুদ জার্সি ড্রয়ারে লুকিয়ে রেখে আজ ব্রাজিলের সমর্থকরা মিয়ামির গ্যালারিতে হাজির হচ্ছেন সম্পূর্ণ ‘নিরপেক্ষ’ সেজে। তাদের একটাই প্রার্থনা, পুঁচকে কেপ ভার্দে যেন আজ কোনো অলৌকিক কাণ্ড ঘটিয়ে মেসিদের বিদায় করে দেয়!

শুধু ব্রাজিল কেন, এই আজব জোটে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্ধ ভক্তরাও। চলতি বিশ্বকাপে মেসি ইতিমধ্যে ৬ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে গেছেন। সিআরসেভেন ভক্তদের একটাই ভয়, মেসি এভাবে গোল করতে থাকলে তো পর্তুগিজ তারকার সব রেকর্ড ওখানেই শেষ! তাই মেসির গোল রথ থামাতে তারা আজ মনে-প্রাণে কেপ ভার্দের ডিফেন্সের সাফল্য কামনা করছেন।



বাদ যাননি কিলিয়ান এমবাপ্পের ফরাসি সমর্থকরাও। এমবাপ্পে যেহেতু গোল্ডেন বুটের অন্যতম দাবিদার, তাই ফরাসি ভক্তদের চাওয়া মেসির গোল সংখ্যা যেন আজ ৬-এর ঘরেই আটকে থাকে।

এর বাইরে যোগ হয়েছে ‘আন্ডারডগ’ বা ছোট দলের রূপকথা পছন্দ করা সাধারণ ফুটবলপ্রেমীরা। সব মিলিয়ে মিয়ামির গ্যালারিতে আজ আর্জেন্টিনার আকাশী-নীল সমুদ্রের ঢেউ সামলাতে কেপ ভার্দের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল, পর্তুগাল আর ফ্রান্সের এক অদৃশ্য ও মজাদার ফুটবল ফ্রন্ট!

ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ফুটবল