
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ২০২৬ আইপিএলের নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে কলকাতার জার্সিতে আইপিএলের শুরুটা প্রত্যাশিত হয়নি এই তারকা অলরাউন্ডারের।
চলতি আইপিএলে গ্রিন তার চড়া দামের প্রতি সুবিচার করতে পারেননি। ২৫ কোটির এই তারকা তিন ম্যাচে করেছেন মোটে ২৪ রান। তাতে ব্যাটিং নিয়েও বড় বিপাকে পড়েছে কেকেআর।
কলকাতার হয়ে প্রথম ম্যাচে দুই অঙ্কের ঘর ছুলেও ইনিংস লম্বা করতে পারেননি গ্রিন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১০ বলে ১৮ রান করেই বিদায় নেন এই তারকা। তবে পরের দুই ম্যাচে দুই অঙ্কের ঘর ছুঁতেও ব্যর্থ হন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২ বলে ২ রান করেই সাজঘরে ফেরেন এই তারকা।
আজ সোমবার (৬ এপ্রিল) ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে ২ বলে মাত্র ৪ রান করেই বিদায় নিয়েছেন গ্রিন। তাতে টানা তিন ম্যাচেই ব্যর্থ এই ব্যাটার। সবমিলিয়ে ৩ ম্যাচে ২৪ রান করেছেন অস্ট্রেলিয়ার এই তারকা।
এদিকে চলতি আসরে এখনও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে কলকাতা। এখনও প্রথম জয়ের খোঁজে তারা। ব্যাটিং-বোলিং দুই বিভাগের ব্যর্থতায় প্রথম দুটি ম্যাচেই হেরেছে আজিঙ্কা রাহানের দল।
আসরের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ২২০ রান করেও ৬ উইকেটে হেরেছে কলকাতা। এরপর দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬১ রানেই গুটিয়ে যায় কেকেআর। তাতে ৬৫ রানে জয় পায় হায়দরাবাদ। এবার পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ের খোঁজে রাহানে-গ্রিনরা।
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৬/বিটি




















