Connect with us
ক্রিকেট

মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে

বিশ্বকাপে চোট নিয়ে খেলার প্রভাবে আইপিএলে ছন্দে নেই বুমরাহ

Bumrah
জাসপ্রীত বুমরাহ। ছবি: সংগৃহীত

আইপিএলে জাসপ্রিত বুমরাহ মানেই সাধারণত ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা। চার-ছক্কার এই প্রতিযোগিতায় অন্য বোলাররা যখন রান আটকাতে হিমশিম খান, তখন আলাদা ধারায় দেখা যায় ভারতীয় এই পেসারকে। তবে এবারের আসরে সেই পরিচিত বুমরাহকে পাওয়া যায়নি। আর এর পেছনের কারণ হিসেবে উঠে এসেছে চোটের বিষয়টি।

মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট নিয়েই খেলেছিলেন বুমরাহ। সেই চোটের প্রভাবই পরে পড়েছে আইপিএলের পারফরম্যান্সে।

বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করেছিলেন বুমরাহ। ১৪ উইকেট নিয়ে ছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার। পুরো আসরে খুব কম রানও দিয়েছেন তিনি। কিন্তু সেই সময় পুরোপুরি সুস্থ ছিলেন না বলেই জানিয়েছেন জয়াবর্ধনে।



মুম্বাই কোচ বলেন, বিশ্বকাপ শেষে ফেরার পরও বুমরাহর হালকা চোট ছিল। তাই তাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়। প্রথম কয়েকটি ম্যাচে ধীরে ধীরে ছন্দে ফেরানোর চেষ্টা করা হয়েছে। সে কারণেই শুরুতে তার বোলিংয়ের গতি কিছুটা কম ছিল।

চলতি আইপিএলে বুমরাহর গতি ও ধার কমে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। এবার সেই কারণ পরিষ্কার করলেন জয়াবর্ধনে। তার ভাষ্য, এখন বুমরাহ আগের চেয়ে ভালো অবস্থায় আছে এবং শেষ কয়েকটি ম্যাচে পূর্ণ গতিতে বোলিং করেছে। তবে চোট নিয়ে খেলতে হলে পারফরম্যান্সে প্রভাব পড়াটাই স্বাভাবিক।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেও মাত্র ৪ উইকেট পেয়েছেন বুমরাহ। তার মতো একজন বোলারের জন্য এই পরিসংখ্যান বেশ অস্বাভাবিক। ২০১৫ সালের পর এই প্রথম আইপিএলে ওভারপ্রতি আটের বেশি রান দিয়েছেন তিনি।

মুম্বাইয়ের অবস্থাও ভালো নয়। ১৩ ম্যাচে মাত্র চারটি জিতে প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে দলটির। পয়েন্ট তালিকায় তারা আছে নবম স্থানে। বাকি আছে আর একটি ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/২৪মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট