
অন্তত আরও চার বছর শীর্ষস্থানের মুকুট ধরে রাখছে ব্রাজিল। এবারের বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এতে করে সুখবর বইছে ব্রাজিল শিবিরে।
জার্মানদের এই অপ্রত্যাশিত বিদায়ে স্বস্তির খবর পেয়েছে হেক্সা মিশনে থাকা ব্রাজিল। কারণ, অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত বিশ্ব ফুটবলের একমাত্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই থাকছে সেলেসাওরা।
ইতিহাস বলছে, ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের পর থেকেই এককভাবে সর্বোচ্চ শিরোপাজয়ী দলের মর্যাদা ধরে রেখেছে ব্রাজিল। এবার সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল কেবল জার্মানির সামনে।
১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে বিশ্বকাপ জেতা জার্মানরা ২০২৬ আসরে শিরোপা জিততে পারলে ব্রাজিলের সমান পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ত। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে সেই স্বপ্ন শেষ হয়ে গেছে ডাই মানশাফটদের।
ফলে ২০০২ সাল থেকে ধরে রাখা ব্রাজিলের একক বিশ্বকাপ শ্রেষ্ঠত্ব অন্তত আরও চার বছর অক্ষুণ্ন থাকছে। ২০৩০ বিশ্বকাপের আগে আর কোনো দল তাদের পাঁচ শিরোপার রেকর্ড স্পর্শ করার সুযোগ পাচ্ছে না।
এদিকে মাঠের লড়াইয়েও দারুণ ছন্দে রয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ ৩২-এর ম্যাচে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ভিনিসিয়ুস জুনিয়র-নেইমাররা। এখন ব্রাজিলের সামনে সুযোগ, একদিকে যেমন ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন পূরণের, অন্যদিকে নিজেদের একক শ্রেষ্ঠত্বকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার।
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৬/এজে



















