
চলতি বিশ্বকাপের শেষ ৩২ পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। এবার তাদের প্রতিপক্ষ ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে আসা নরওয়ে।
বিশ্বকাপের শুরুতে ব্রাজিলকে কিছুটা নড়বড়ে মনে হলেও ধীরে ধীরে চেনা রূপে ফিরতে শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর, দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রেখেছে সেলেসাওরা।
শেষ ৩২ এর ম্যাচে জাপানের কাছে প্রথমে গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সম্ভাবনা জেগেছিল ব্রাজিলের। । তবে পরবর্তীতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে সেলেসাও শিবির। ক্যাসেমিরোর গোলে সমতা ও গ্যাব্রিয়েল মার্টিনেলির শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
অন্যদিকে নরওয়ে ফ্রান্সের গ্রুপ থেকে রানার্সআপ দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়। শেষ ৩২ এর ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আইভরি কোস্ট। এই ম্যাচে আফ্রিকান এই দেশটিকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে হালান্ড-ওডেগার্ডরা। এবার কোয়ার্টার ফাইনালে উঠার মিশনে তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল কিংবা নরওয়ের সামনে অপেক্ষা করছে ইংল্যান্ড অথবা মেক্সিকো। অর্থাৎ ব্রাজিল যদি নরওয়েকে হারিয়ে শেষ আটে পা রাখতে পারে, তখন প্রতিপক্ষ বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো অথবা ইউরোপের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাবে তারা।
আগামী ৫ জুলাই কোয়ার্টারে ওঠার লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এরপর সকাল ৬টায় মুখোমুখি হবে মেক্সিকো-ইংল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৬/বিটি




















