
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচেই ৯ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেলহালেন ব্রাজিলের নারী ক্রিকেটার লরা কারদোসো। বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেসোথো নারী দলের বিপক্ষে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন এই তরুণ অলরাউন্ডার।
বোতসোয়ানায় অনুষ্ঠিত কালাহারি নারী টি-২০ ক্রিকেট লেসোথোর বিপক্ষে বিপক্ষে ৩ ওভারে ২ মেডেনসহ মাত্র ৪ রান দিয়ে ৯ উইকেট শিকার করেন ২১ বছর বয়সী এই পেসার। যার মধ্যে একটি হ্যাটট্রিকও ছিল।
লেসোথোর বিপক্ষে ৯ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়েছেন কারদোসো। পুরুষ ও নারী উভয় ক্রিকেট মিলিয়েই এক ইনিংসে সর্বোচ্চ উইকেটের রেকর্ড এটি। এতদিন এই রেকর্ডটি ভুটানের স্পিনার সোনাম ইয়েসেইয়ের দখলে ছিল। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি।
নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়ে ৭ উইকেট শিকার করেন তিনি। তবে সেরা বোলিংয়ে আগের সব রেকর্ড ছাপিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন কারদোসো।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রানের বিশাল পুঁজি পায় ব্রাজিল। জবাবে ব্যাট করতে নেমে কারদোসোর বোলিং তোপে ৬.২ ওভারে ১৩ রান করেই গুটিয়ে যায় লেসথো।
এদিন প্রথম ওভারেই বোলিংয়ে আসেন কারদোসো। ওভারের প্রথম তিন বল ডট দেওয়ার পর শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন এই পেসার। এরপর নিজের দ্বিতীয় ওভারে করতে এসে মেডেনসহ আরও ৪টি উইকেট তুলে নেন। তাতে নিজের প্রথম দুই ওভারে কোনো রান না দিয়ে শিকার করেন ৭ উইকেট। এরপর নিজের তৃতীয় ওভারে ৪ রান দিয়ে আরও ২টি উইকেট নেন এই পেসার। তাতেই নাম লেখান ইতিহাসের পাতায়।
চলমান এই টুর্নামেন্টে কারদোসো ৪ ইনিংসে মোট ১৪ উইকেট শিকার করেছেন। এছাড়া ব্যাট হাতেও বেশ কার্যকরী ইনিংস খেলতে সক্ষম কারদোসো। ৪ ইনিংসে ৫৪.৩৩ গড় ও ১৩৮.১৪ স্ট্রাইক রেটে ১৬৩ রান করেছেন। যেখানে দুটি ফিফটিও রয়েছে।
ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৬/বিটি



















