
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। এবার তাদের সামনে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ব্রাজিল। তবে প্রতিপক্ষের নাম শুনে বাড়তি চাপ নিচ্ছেন না নরওয়ের প্রধান কোচ স্টেলে সোলবাকেন। তাঁর দাবি, বর্তমান ব্রাজিল আর আগের মতো অপ্রতিরোধ্য দল নয়। তাই নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো ফল পাওয়ার সুযোগ দেখছেন তিনি।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সোলবাকেন বলেন, ‘আমি মনে করি না, ব্রাজিল খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেবারিট। কয়েক বছর আগে তারা যেমন ছিল, এখন আর তেমন নেই। আমরা দীর্ঘ সময় ধরে ভালো খেলছি। দলের আত্মবিশ্বাসও অনেক বেশি। আমাদের নিজেদের খেলার একটি পরিষ্কার ধরন আছে। সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি।’
নরওয়ের কোচের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে অতীতের রেকর্ডও। এখন পর্যন্ত দুইবার ব্রাজিলের মুখোমুখি হয়ে দুবারই জয় পেয়েছে নরওয়ে। ১৯৯৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল তারা। সেই স্মৃতি সামনে রেখেই এবারও চমক দেখানোর আশা করছেন সোলবাকেন।
তিনি জানান, ব্রাজিলের বিপক্ষে শুধু রক্ষণে থেকে খেলার পরিকল্পনা নেই নরওয়ের। বরং নিজেদের স্বাভাবিক ও আক্রমণাত্মক ফুটবল খেলতে চান তারা। তাঁর মতে, পরিস্থিতি দেখে খেলার বদলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সোলবাকেন আরও বলেন, দলের প্রধান ভরসা এরলিং হলান্ডকে বেশি সুযোগ তৈরি করে দেওয়ার পথ খুঁজে পেয়েছেন তারা। তবে শুধু আক্রমণ নয়, রক্ষণেও সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে দুই পাশের রক্ষণভাগকে সহায়তা করা এবং একজনের ভুল আরেকজনের মাধ্যমে সামলে দেওয়ার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
নরওয়ের কোচের বিশ্বাস, খেলোয়াড়রা যদি নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, তাহলে ব্রাজিলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়া সম্ভব। সেই লক্ষ্য নিয়েই শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে নরওয়ে।
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৬/টিএ



















