ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। বৃহস্পতিবার যৌথভাবে এই ম্যাচের ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে ম্যাচ শুরুর সময় এখনও জানানো হয়নি।
বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সেই সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া সফর শেষ করেই ভারতে আসবে কার্লো আনচেলত্তির দল। প্রথমে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে তারা।
ভারতীয় ফুটবলের জন্য ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। ১৯৯২ সালে ফিফার বিশ্ব র্যাঙ্কিং চালুর পর এত উঁচু অবস্থানে থাকা কোনো দলের বিপক্ষে কখনও মাঠে নামেনি ভারত। তাই ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচকে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক লড়াই হিসেবে দেখা হচ্ছে।
এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ভারতের কোটি কোটি ব্রাজিল-সমর্থকের সামনে খেলতে পারা তাদের জন্য বিশেষ আনন্দের বিষয়। সংস্থাটির দাবি, ব্রাজিলের বাইরে সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীগুলোর একটি রয়েছে ভারতে। বহু বছর ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিলের খেলা অনুসরণ করে আসছেন। সেই সমর্থকদের সামনে মাঠে নামতে মুখিয়ে রয়েছে দলটি।
কলকাতার সঙ্গে ব্রাজিলের সম্পর্কও বেশ পুরোনো। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন। পরে বিভিন্ন সময়ে ব্রাজিলের আরও কয়েকজন ফুটবলার কলকাতায় এলেও জাতীয় দল হিসেবে এবারই প্রথম ভারতের মাটিতে খেলতে যাচ্ছে ব্রাজিল। অন্যদিকে ২০১১ সালে একই সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি। তবে সেবার প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। এবার সেই মাঠেই ভারতের প্রতিপক্ষ হবে ব্রাজিল।
এই সফরে কোচ কার্লো আনচেলত্তির পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মাতিয়াস কুনহা, মারকিনিওস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের দেখা যেতে পারে। তবে এটি প্রীতি ম্যাচ হওয়ায় শেষ পর্যন্ত সব তারকা খেলবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বিশ্বকাপের পর নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ব্রাজিল। ২০২৮ সালের কোপা আমেরিকা এবং ২০৩০ সালের বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবেই অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে এই প্রীতি ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৬/টিএ



