
গতকাল রাতে শুরু হয়েছে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। ইতোমধ্যে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো ও ফ্রান্স। আজ রাতে কোয়ার্টারে ওঠার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল। যেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নরওয়ে। এই ম্যাচের আগে বড় সুখবর পেয়েছে সেলেসাওরা।
নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। তবে এই ম্যাচেই কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনার অংশ হিসেবে আছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। এই ম্যাচে তাকে স্কোয়াডে রাখতে পারেন আনচেলত্তি।
শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়া খুব ভালোভাবে সেরে উঠছে। যদিও এখনো পুরোপুরি সেরে উঠতে পারেনি সে। তবে সে বেঞ্চে থাকার মতো অবস্থায় আছে। যদি প্রয়োজন হয় তাহলে সে কয়েক মিনিট খেলতে পারবে এবং নির্দিষ্ট কিছু সময়ের জন্য দলকে সহযোগিতা করতে পারবে। তবে ও খুব দ্রুত সেরে উঠছে। এটা আমাদের জন্য বড় স্বস্তির খবর। কারণ রাফিনিয়ার মতো একজন খেলোয়াড় দলে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। যার ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এবং শেষ ৩২ এর ম্যাচে জাপানের বিপক্ষে খেলতে পারেননি তিনি। এবার নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তার ফেরার সম্ভাবনা দেখছেন আনচেলত্তি।
অবশ্য বিশ্বকাপ শুরুর আগে থেকেই চোটের হানা ছিল ব্রাজিল শিবিরে। চোটের কারণে প্রথম দুটি ম্যাচ মিস করেন দলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়র। যদিও এরইমধ্যে চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কিছু সময়ের জন্য মাঠে নেমেছিলেন এই ফরোয়ার্ড। যদিও জাপানের বিপক্ষে বেঞ্চে বসেই কাটিয়েছেন এই সুপারস্টার। তবে আজ নরওয়ের বিপক্ষে লম্বা সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে।
এদিকে জাপানের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। ইনজুরির কারণে নরওয়ে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। চলতি আসরে তার ফেরার সম্ভাবনাও খুব কম।
ক্রিফোস্পোর্টস/৫জুলাই২৬/বিটি





















