দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বড় ধরনের জনসমাগম এড়িয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিল।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে খেলোয়াড়, দর্শক ও টুর্নামেন্ট–সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সে কারণেই আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজন না করার সিদ্ধান্ত এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরকে আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলকভাবে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে গভর্নিং কাউন্সিল। একই সঙ্গে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, গণজমায়েত সংক্রান্ত বিষয়ে সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে মিল রেখেই এই সিদ্ধান্ত। বড় আকারের কোনো অনুষ্ঠান আয়োজন করলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে এ বিষয়টি মাথায় রেখেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
তবে এতে মাঠের ক্রিকেটে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল আশা করছে, দর্শকদের স্টেডিয়ামে স্বাগত জানানো যাবে এবং নিরবচ্ছিন্নভাবে একটি সফল ও উপভোগ্য টুর্নামেন্ট উপহার দেওয়া সম্ভব হবে।
এদিকে আগামী ২৬ জানুয়ারি সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বিপিএলের ১২ তম আসরের। ইতিমধ্যেই বিপিএলের নিলাম সম্পন্ন হয়েছে। নির্ধারিত বাজেটের মধ্যে দলগুলো তাদের নিজেদের মত করে দলও গুছিয়েছে। এছাড়া অনেক দল এখনো বিদেশি সাইনিং করাচ্ছে। সব মিলে ছয় দল নিয়ে হওয়া এবারের বিপিএলকে কেন্দ্র করে দর্শকদের আলাদা আগ্রহ রয়েছে
উল্লেখ্য, গুঞ্জন আছে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ফেরার কথা রয়েছে। তাঁর ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে ঢাকায় বিপুল পরিমাণ জনসমাগম হতে পারে। এমতাবস্থায় জমকালোভাবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করলে আরও জনসমাগম বাড়তে পারে। এমতাবস্থায় ঝুঁকি এড়াতেই বিসিবির এমন সিদ্ধান্ত।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৫/টিএ
