
বিপিএল শেষ হয়েছে প্রায় দেড় মাস আগে। সময় পেরিয়ে গেলেও টুর্নামেন্ট ঘিরে আলোচনা থামেনি, বিশেষ করে কয়েকটি দলের পারিশ্রমিক নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে চলতি মাসে ঢাকা ক্যাপিটালস ছাড়া বাকি দলগুলোর খেলোয়াড়রা তাদের বকেয়া টাকা বুঝে পেয়েছেন।
এরই মধ্যে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলও পেয়েছে তাদের পুরস্কারের অর্থ। সবশেষ চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স তাদের দেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বিশেষ উপহার দিয়েছে। গতকাল দলের ১৫ জন ক্রিকেটার ও ১০ জন কোচিং স্টাফের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন মডেলের আইফোন ১৭ প্রো ম্যাক্স।
দলটির মালিক জানিয়েছেন, খেলোয়াড়দের দেওয়া প্রতিশ্রুতি রাখতে পেরে তারা সন্তুষ্ট। জিসান আলম, রিপন মণ্ডল ও ওয়াসি সিদ্দিকিসহ সবাই আনন্দের সঙ্গে উপহারটি গ্রহণ করেছেন। ঈদের আগে এমন উপহার দলটির সদস্যদের মাঝে বাড়তি উৎসাহ তৈরি করেছে।
এদিকে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স পুরস্কার হিসেবে পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালস পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। তবে সব দল পারিশ্রমিক পরিশোধ করলেও ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়রা এখনো পুরো টাকা পাননি। কবে তারা বকেয়া বুঝে পাবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।
ক্রিফোস্পোর্টস/১৯মার্চ২৬/টিএ























