
বিশ্বকাপে ফেরার স্বপ্নটা আরেকবার ভেঙে গেল ইতালির। প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে মূল পর্বে জায়গা করতে পারল না চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে বসনিয়ার মাঠে ম্যাচের শুরুটা ভালোই করেছিল ইতালি। পঞ্চদশ মিনিটে নিকোলো বারেল্লার পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মোইজে কিন। তবে এই লিড ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের শেষ দিকে আলেস্সান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয় ইতালি, যা ম্যাচের গতিপথ বদলে দেয়।
একজন কম নিয়ে খেললেও ম্যাচে টিকে থাকার চেষ্টা চালিয়ে যায় ইতালি। গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা একের পর এক দারুণ সেভ করে দলকে ম্যাচে রাখেন। পুরো ম্যাচে বসনিয়া অনেক বেশি আক্রমণ করলেও তার দৃঢ়তায় বারবার হতাশ হয় স্বাগতিকরা।
তবে শেষ রক্ষা হয়নি। ৭৯তম মিনিটে সমতায় ফেরে বসনিয়া। এদিন জেকোর শট দোন্নারুম্মা ঠেকালেও ফিরতি বলে কাছ থেকে জালে বল পাঠান হারিস তাবাকোভিচ।
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে পুরোপুরি ব্যর্থ ইতালি। তাদের প্রথম শট উড়িয়ে মারেন এসপোসিতো, আর ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। বিপরীতে বসনিয়ার প্রথম চার শটই জালে যায়। ফলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
ম্যাচে বল দখল ও আক্রমণে স্পষ্টভাবে এগিয়ে ছিল বসনিয়া। তারা মোট ৩০টি শট নেয়, যার ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ইতালির ৯টি শটের মাত্র তিনটি ছিল লক্ষ্যভেদী।
২০০৬ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ইতালি। এরপর থেকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। ২০১৮ সালের পর টানা তিনটি বিশ্বকাপেই তারা জায়গা করে নিতে ব্যর্থ হলো, প্রতিবারই প্লে-অফে হেরে বিদায় নিতে হয়েছে।
অন্যদিকে বসনিয়া ১২ বছর পর আবার বিশ্বকাপে খেলবে। এর আগে তারা একবারই, ২০১৪ সালে এই আসরে অংশ নিয়েছিল।
ইউরোপ অঞ্চলের আরেকটি প্লে-অফ ফাইনালে ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ২-২ সমতায় ছিল।
ক্রিফোস্পোর্টস/১এপ্রিল২৬/টিএ




















