Connect with us
ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মুমিনুলের, এগিয়েছেন রানাও

Big jump for Shanto and Mominul in the ICC rankings, Rana also moved up.
র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন শান্ত-রানা-মুমিনুল। ছবি- সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের মধ্যে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন অনেকেই। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও নাহিদ রান দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তারই স্বীকৃতি হিসেবে এবার আইসিসি থেকে সুখবর পেয়েছেন তারা।

আজ বুধবার (১৩ মে) ছেলেদের সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই হালনাগাদকৃত টেস্ট র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন দুই ব্যাটার শান্ত ও মুমিনুল। রানাও বেশ উন্নতি করেছেন। তাছাড়া মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলামও উন্নতি করেছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন শান্ত। এই টাইগার কাপ্তান দুই ইনিংসে এক সেঞ্চুরি ও এক ফিফটিসহ (১০১ ও ৮৭) ১৮৮ রান করেন। তাতে উন্নতি করেছেন ১৬ ধাপ। তিনি পাকিস্তানি তারকা বাবর আজমের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন। তার রেটিং পয়েন্ট ৬৪৯। টেস্টে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান। তাছাড়া বাংলাদেশিদের মধ্যে এখন সেরা অবস্থানে টাইগার কাপ্তান।



শান্তর পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত করেছেন মুমিনুল। সেঞ্চুরির দেখা না পেলেও প্রথম ইনিংসে ৯১ এবং দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করেন এই তারকা। তাতে ১২ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া ২ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টে এক ফিফটিসহ দুই ইনিংস (৭১ ও ২২) মিলিয়ে ৯৩ রান করেন এই সিনিয়র ব্যাটার।

বোলারদের তালিকায় ৫ ধাপ এগিয়েছেন নাহিদ রানা। ৩৩২ রেটিং পয়েন্ট নিয়ে ৬৪ নম্বরে অবস্থান করছেন তিনি। টেস্টে এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ফাইফারসহ মোট ৬ উইকেট নিয়েছেন এই এক্সপ্রেস পেসার। এছাড়া উন্নতি হয়েছে তাইজুলের। ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন এই স্পিনার। বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন তিনি। মিরপুর টেস্টে ২ ইনিংসে ৪ উইকেট শিকার করেন এই বাঁহাতি।

এদিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে লিটন দাসের অবনতি হয়েছে। ৬ ধাপ পিছিয়ে ৩৮ নম্বরে নেমে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া সাদমান ইসলাম ৪ ধাপ পিছিয়ে ৫৮ এবং মাহমুদুল হাসান জয় ৬ ধাপ পিছিয়ে ৭৭ নম্বরে নেমে গেছেন।

অন্যদিকে বোলারদের তালিকায় ৭ ধাপ পিছিয়ে ৭৭ নম্বরে নেমে গেছেন এবাদত হোসেন। তবে প্রথম ইনিংসে ফাইফার নেওয়া মিরাজের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ২৭ নম্বরে আছেন তিনি। এছাড়া ২ ইনিংসে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদও আগের মতোই ৪৮ নম্বরে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট