
হার দিয়ে বাংলাদেশ সিরিজ শুরু করেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে সফরকারীরা। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচের আগে ধাক্কা খেল শাহিন শাহ আফ্রিদির দল।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসেইন তালাত। কাঁধের চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না তিনি। এই অলরাউন্ডারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল (শুক্রবার) দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান তালাত। পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটনাটি ঘটে। বাউন্ডারি লাইনের কাছে লিটন দাসের একটি শট আটকাতে গিয়ে বাউন্ডারি লাইনের ফোমে তাঁর পা পড়ে। এরপর ভারসাম্য হারিয়ে বিজ্ঞাপন বোর্ডে ধাক্কা খান তিনি। এ সময় কাঁধে আঘাত পান এই খেলোয়াড়।

চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ছেন হুসেইন তালাত। ছবি- এএফপি
এই ঘটনার পরপরই পাকিস্তান দলের ফিজিও মাঠে এসে তালাতক প্রাথমিক চিকিৎসা দেন। তবে আঘাত বেশি হওয়ায় আর মাঠে নামতে পারেননি তিনি। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে।
পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্ট পেয়ে পিসিবি জানিয়েছে, কাঁধের চোটের কারণে অন্তত ১২ থেকে ১৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তালাতকে। যার ফলে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাছাড়া আসন্ন পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলতে পারবেন না এই অলরাউন্ডার।
আগামীকাল (রোববার) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৪মার্চ২৬/বিটি





















