Connect with us
ক্রিকেট

আইপিএল ২০২৬

মুম্বাই শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন কিউই তারকা

আইপিএল থেকে ছিটকে গেলেন মিচেল স্যান্টনার। ছবি: সংগৃহীত

আইপিএলের চলতি আসরে বড় সমস্যায় পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের গুরুত্বপূর্ণ বিদেশি অলরাউন্ডার মিচেল স্যান্টনার কাঁধের চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এতে মৌসুমের মাঝপথে দলকে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

গত ৪ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে প্রথমবার কাঁধে চোট পান স্যান্টনার। এরপর বিশ্রামের মধ্যেই ছিলেন তিনি। তবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সীমানার কাছে ক্যাচ ধরতে গিয়ে একই স্থানে আবারও চোট পান। পরে পরীক্ষায় নিশ্চিত হয়, এবারের আসরে আর মাঠে ফেরা হচ্ছে না নিউজিল্যান্ডের এই স্পিন অলরাউন্ডারের।

চলতি মৌসুমে মুম্বাইয়ের হয়ে চার ম্যাচ খেলেছেন স্যান্টনার। এই সময়ে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন এবং দলের বোলিং বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ছিটকে যাওয়া মুম্বাইয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।



স্যান্টনারের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা মহারাজ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রাখেন। বিপিএল, সিপিএল ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫৪ ম্যাচে ৫৫ উইকেট নিয়েছেন মহারাজ। সব মিলিয়ে সংক্ষিপ্ত সংস্করণে তার অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ। যদিও আইপিএলে তার উপস্থিতি খুব বেশি নয়, তবুও অভিজ্ঞতার কারণে তাকে দলে নেওয়া হয়েছে।

চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচে মাত্র দুইটি জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা দলটির জন্য সামনে পথ কঠিন হয়ে উঠেছে। এমন অবস্থায় স্যান্টনারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানো মুম্বাইয়ের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।

ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট