Connect with us
ফুটবল

ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ, চোটে বিশ্বকাপ যাত্রা শেষ পাকেতার

বিশ্বকাপ যাত্রা শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাকেতার। ছবি: সংগৃহীত

ব্রাজিল শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলেও দলটি বড় ধাক্কা খেয়েছে লুকাস পাকেতার চোটে। জাপানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন এই অভিজ্ঞ মধ্যমাঠের খেলোয়াড়। পরে পরীক্ষায় তার বাঁ ঊরুর পেছনের পেশিতে দ্বিতীয় মাত্রার চিড় ধরা পড়ে। ব্রাজিল ফুটবল সংস্থা জানিয়েছে, শেষ ষোলোর ম্যাচে তিনি খেলতে পারবেন না। দেশটির সংবাদমাধ্যমগুলোর ধারণা, তার এবারের বিশ্বকাপও প্রায় শেষ।

মঙ্গলবার করা পরীক্ষার ফল হাতে পাওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাইবেলের কয়েকটি বাণী ভাগ করে নেন পাকেতা। পরে এক বার্তায় তিনি জানান, এর আগেও এমন কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন। ব্রাজিল ফুটবল সংস্থা এক বিবৃতিতে বলেছে, জাতীয় দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর চেষ্টা করা হবে। তবে এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত প্রায় এক মাস সময় লাগে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, পাকেতার আবার বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। তারপরও তিনি দলের সঙ্গেই যুক্তরাষ্ট্রে থাকবেন এবং দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাবেন। দল ফাইনালে উঠলেও তাকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে আশাবাদী নয় দলের ভেতরের সূত্র। তবে এখনই তাকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বাদ দেওয়া হচ্ছে না।



আগামী ৫ জুলাই দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। জয় পেলে ১১ জুলাই কোয়ার্টার ফাইনাল এবং ১৫ জুলাই সেমিফাইনাল খেলবে কার্লো আনচেলত্তির দল। সম্ভাব্য ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। সবকিছু অনুকূলে গেলে ওই ম্যাচে পাকেতাকে অন্তত বদলির বেঞ্চে রাখা যেতে পারে বলে সামান্য আশা রয়েছে। তবে নকআউট পর্বের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।

এদিকে চোটের কারণে পাকেতার বদলে নতুন কোনো খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিজেদের প্রথম ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে পর্যন্তই চূড়ান্ত দলে পরিবর্তন আনতে পারে। ব্রাজিলের সেই সময়সীমা শেষ হয়ে গেছে অনেক আগেই। ফলে রাফিনিয়ার পাশাপাশি পাকেতাকেও না পেয়েই বর্তমান দল নিয়েই টুর্নামেন্টের বাকি পথ পাড়ি দিতে হবে আনচেলত্তিকে।

ক্রিফোস্পোর্টস/১জুলাই২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল