Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কায় প্রথম টেস্টের আগে বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ

Bad news for Bangladesh ahead of first Test in Sri Lanka
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত মিরাজ । ছবি- সংগৃহীত

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার (১৭ জুন) গল টেস্ট দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। তবে সিরিজ শুরুর দু’দিন আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। প্রথম টেস্টে বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের খেলা নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে।

মূলত শ্রীলঙ্কা পৌঁছানোর পর অসুস্থ হয়েছেন মিরাজ। জ্বরে আক্রান্ত বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। গল টেস্ট শুরু হতে দু’দিন বাকি। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে না পারলে তাকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের।

মিরাজের অসুস্থতা নিয়ে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘মিরাজ অসুস্থ, ওর জ্বর। আজ সকালে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো দেখেছি। তার চিকিৎসা চলছে। আশা করি, কাল সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে পারবে এবং প্রথম ম্যাচ খেলতে পারবে।’




আরও পড়ুন:

» বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম

» বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল শ্রীলঙ্কা


সাম্প্রতিককালে বাংলাদেশের পারফরম্যান্স বেশ হতাশাজনক। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে হেরেছিল শান্তরা। তাছাড়া অন্যান্য ফরম্যাটেও ব্যর্থ শান্ত-লিটনরা। তাই শ্রীলঙ্কা সিরিজের আগে আত্মবিশ্বাসটা যে একদমই তলানিতে সেটা বলাই যায়। আর মিরাজের অনুপস্থিতি বাড়তি দুশ্চিন্তা বয়ে আনবে বাংলাদেশ শিবিরে।

তবে মিরাজের অনুপস্থিতি একদিকে যেমন দুশ্চিন্তার, অন্যদিকে বিষয়টিকে আরেকজন ক্রিকেটারের জন্য সুযোগ হিসেবেও দেখছেন কোচ ফিল সিমন্স। এই ক্যারিবিয়ান কোচ বলেন, ‘মিরাজের বিষয়টা অবশ্যই দুশ্চিন্তার। তবে একজনের অনুপস্থিতি আরেকজনের জন্য সুযোগ। সবাই চাইছে মিরাজ সুস্থ হয়ে উঠুক। তবে তারা এটাও জানে, মিরাজ খেলতে না পারলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে। এটা দুশ্চিন্তা, তবে এই দুশ্চিন্তা থাকা ভালো।’

এদিকে প্রথম টেস্ট সামনে রেখে আজ (সোমবার) প্রথমদিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। গলে ঘাম ঝরিয়েছেন মুশফিক-লিটনরা। তবে অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি মিরাজ।

ক্রিফোস্পোর্টস/১৫জুন২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট