Connect with us
ফুটবল

আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ, চোটে পড়লেন অভিজ্ঞ মিডফিল্ডার

চোটে পড়লেন লিয়ান্দ্রো পারেদেস। ছবি: সংগৃহীত

ফিফা ফুটবল বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। ইতোমধ্যে অংশগ্রহণকারী প্রায় সব দলই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। গত ২৯ মে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও বিশ্বকাপের জন্য নিজেদের দল প্রকাশ করেছে। তবে দল ঘোষণার কয়েক দিনের মধ্যেই দুশ্চিন্তার খবর এসেছে আলবিসেলেস্তে শিবিরে। চোটে পড়েছেন দলের অভিজ্ঞ মাঝমাঠের খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস।

আর্জেন্টিনার জন্য এটি দুশ্চিন্তার কারণ গত কয়েক বছর ধরে দলের মাঝমাঠের অন্যতম ভরসার নাম পারেদেস। বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পথে তার অবদান ছিল উল্লেখযোগ্য। অভিজ্ঞতা, বল নিয়ন্ত্রণ এবং মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনি কোচের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পারেদেসের উরুর পেছনের পেশিতে চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট থেকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। ফলে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে তার খেলা হচ্ছে না।



আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার জন্য এই দুটি ম্যাচকে বেশ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছিল। কিন্তু চোটের কারণে সেই ম্যাচগুলোতে দলের সঙ্গে থাকতে পারবেন না পারেদেস।

আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালো জানিয়েছেন, পারেদেসের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আরও দাবি করেন, জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা এবং ম্যাচের গুরুত্বের কারণে চোট নিয়েই খেলেছিলেন এই মাঝমাঠের খেলোয়াড়। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার চোটের প্রকৃত অবস্থা জানা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আরেভালো বলেন, পরীক্ষার ফলাফলে দেখা গেছে পারেদেসের উরুর পেছনের পেশিতে চিড় রয়েছে। এ কারণে তিনি প্রস্তুতি ম্যাচগুলো খেলতে পারবেন না। এমনকি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে পারেদেসকে পাওয়া যাবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক অবস্থার উন্নতির ওপরই নির্ভর করবে প্রথম ম্যাচে মাঠে নামার সম্ভাবনা।

বিশ্বকাপের মতো বড় আসরের আগে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের চোটে পড়া যে কোনো দলের জন্যই উদ্বেগের বিষয়। আর্জেন্টিনাও তার ব্যতিক্রম নয়। এখন দলটির সমর্থক এবং কোচিং স্টাফের অপেক্ষা, পারেদেস কত দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন। কারণ বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতি অনেক সময় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।

ক্রিফোস্পোর্টস/৩১মে২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল