
চলতি আসরেও রীতিমতো আলো ছড়াচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিধ্বংসী ব্যাটিংয়ে আসরের উদ্বোধনী ম্যাচেই হায়দরাবাদের বিপক্ষে রেকর্গড়া জয় তুলে নিয়েছিল কোহলিরা। এবার দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বড় জয় পেয়েছে রজত পরিদরের দল। আরসিবি ম্যাচ দিয়ে টানা তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল চেন্নাই।
রোববার (৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসকে ৪৩ রানের ব্যবধানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রানের বিশাল পুঁজি গড়ে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানের বেশি করতে পারেনি চেন্নাই।
এদিন আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিলেন বিরাট কোহলি। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ১৮ বলে ২৮ রান করে বিদায় নেন। আরেক ওপেনার ফিল সল্ট ৩০ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনে নেমে ফিফটি তুলে নেন দেবদূত পাদিক্কাল। ২৯ বলে ৫০ রান করে বিদায় নেন এই টপ অর্ডার ব্যাটার।
তবে শেষ ৬ ওভারে রজত পতিদর ও টিম ডেভিড মিলে ৩৬ বলে ৯৯ রান যোগ করেন। আর তাতেই আড়াইশো রানের পাহাড়সম পুঁজি পেতে সক্ষম হয় আরসিবি। পতিদর ১৯ বলে ৪৮ এবং টিম ডেভিড ২৫ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন। চেন্নাইয়ের হয়ে একটি করে উইকেট নেন আনশুল কম্বোজ, জেমি ওভার্টন ও শিবম দুবে।
পাহাড়সম রান তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে দলীয় ৩০ রানেই ৩ উইকেট হারায় চেন্নাই। টপ অর্ডারে দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি কেউ৷ চারে নেমে ফিফটি তুলে নেন সরফরাজ খান। তবে ২৫ বলে ৫০ রান তুলেই বিদায় নেন তিনি৷ এরপর শিবম দুবেও বিদায় নেন ১৮ রান করে।
পরবর্তীতে প্রশান্ত ভীরের ৪৩, জেমি ওভার্টনের ৩৭, কম্বোজের ১৯ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে কিছুটা ব্যবধান কমাতে সক্ষম হয় চেন্নাই। বেঙ্গালুরুর হয়ে ৪ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেন বুভনেশ্বর কুমার। ২টি করে উইকেট নেন জ্যাকব ডাফি ও ক্রুনাল পান্ডিয়া। এছাড়া একটি উইকেট নেন সুয়াস শর্মা।
সংক্ষিপ্ত স্কোর :
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ২৫০/৩ (২০ ওভার)
চেন্নাই সুপার কিংস : ২০৭/১০ (১৯.৪ ওভার)
ফলাফল : বেঙ্গালুরু ৪৩ রানে জয়ী
ক্রিফোস্পোর্টস/৬এপ্রিল২৬/বিটি





















