
বিশ্বকাপের শেষ ষোলোর আগে ফোলারিন বালোগানকে ঘিরে বেশ আলোচনা ছিল। লাল কার্ড দেখার পরও তাঁর খেলার অনুমতি নিয়ে আপত্তি জানিয়েছিল বেলজিয়াম। তবে সেই আপিল গ্রহণ করেনি ফিফা। ফলে নিষেধাজ্ঞা ছাড়াই মাঠে নামেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড। কিন্তু মাঠের খেলায় তাঁকে একেবারেই ছন্দে ফিরতে দেয়নি বেলজিয়াম।
সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪–১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ স্পেন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বেলজিয়াম। নবম মিনিটে নিকোলাস রাসকিনের পাস থেকে চার্লস ডি কেটেলারা গোল করে দলকে এগিয়ে দেন। তবে ৩১ মিনিটে মালিক টিলম্যানের নেওয়া মুক্ত লাথি হান্স ফানাকানের মাথায় লেগে দিক বদলে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র।
তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। দুই মিনিট পরই লিয়ান্দ্রো ত্রোসারের বাড়ানো বল থেকে মাথা ছুঁইয়ে নিজের দ্বিতীয় গোল করেন কেটেলারা। প্রথমার্ধ শেষ হয় ২–১ ব্যবধানে বেলজিয়ামের এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল সামলাতে গিয়ে ভুল করলে সেটির সুযোগ নেন কেটেলারা। তাঁর বাড়ানো বল থেকে দূরপাল্লার শটে ব্যবধান ৩–১ করেন ফানাকান।
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও রক্ষণভাগের ভুলে গোল হজম করে যুক্তরাষ্ট্র। ক্রিস রিচার্ডসের ভুল পাস থেকে বল পেয়ে ফানাকান সেটি রোমেলু লুকাকুর কাছে বাড়িয়ে দেন। লুকাকু সহজেই বল জালে পাঠিয়ে বেলজিয়ামের ৪–১ গোলের জয় নিশ্চিত করেন।
ম্যাচজুড়ে বেলজিয়ামের রক্ষণভাগের চাপে ছিলেন বালোগান। পুরো নব্বই মিনিটে তিনি মাত্র ১৯ বার বলে স্পর্শ করেন এবং প্রতিপক্ষের রক্ষণে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। আগের চার ম্যাচে তিন গোল করা এই ফরোয়ার্ড এদিন ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ।
এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রাখার আবেদন জানিয়েছিল বেলজিয়াম। তবে ফিফা জানায়, বিষয়টির সঙ্গে বেলজিয়াম সরাসরি সংশ্লিষ্ট নয়। তাই তাদের আবেদন গ্রহণ করা হয়নি। এরপরই বালোগান মাঠে নামার সুযোগ পান।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ১০ জুলাই বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় অনুষ্ঠিত হবে শেষ চার নিশ্চিত করার সেই লড়াই।
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৬/টিএ




















