
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রুবেল হোসেন। অবশেষে আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন জাতীয় দলের একসময়ের নিয়মিত এই পেসার। গত ১৫ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ডানহাতি পেসার।
রুবেলের অবসরের ঘোষণার পর সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটার এবং তার একসময়ের সতীর্থরা তাকে শুভেচ্ছা জানান। তাকে নিয়ে বিসিবি প্রধান তামিম ইকবাল সহ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং জাতীয় দলের অধিনায়ক লিটন-মিরাজসহ অনেকেই বিদায়ী বার্তা দেন।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার জন্য একটি বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য তাকে সম্মাননা স্মারক দেবে বিসিবি। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশের প্রথম সারির একটি সংবাদমাধ্যম।
দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকায় মাঠ থেকে বিদায় নিতে পারেননি রুবেল। তাই তাকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠ থেকে বিদায় দেবে বিসিবি। আগামীকাল (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে মাঠে উপস্থিত থাকবেন রুবেল। ম্যাচের আগে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেবে বিসিবি।
এর আগে গত ১৫ এপ্রিল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় লাল-সবুজ অধ্যায়ে ইতি টানার ঘোষণা দেন রুবেল। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ৩৬ বছর বয়সি এই পেসারের।
বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৫৯টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন রুবেল। এর মধ্যে ২৭ টেস্টে ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেন এই পেসার।
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৬/বিটি



















