
রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। চলমান রমজান মাসেই সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরে ম্যাচ শুরু হওয়ায় রোজাদার দর্শকদের মাঠেই ইফতার করতে হবে। তাই রোজাদার দর্শকদের জন্য এক বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি।
মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য ফ্রি পানির ব্যবস্থা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শকদের মধ্যে অনেকেই রোজা রেখে খেলা দেখতে আসবেন। আর এ কারণেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে বিসিবি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আগামীকাল (বুধবার) দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজে বিসিবিকে পানি সরবরাহ করবে পুষ্টি৷ ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের পুষ্টি স্টল থেকে দর্শকরা পানি সরবরাহ করতে পারবেন।
এ বিষয়ে বিসিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শীর্ষস্থানীয় ভোক্তা ব্র্যান্ড পুষ্টি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের ম্যাচগুলো চলাকালে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য বিনামূল্যে খাবার পানি সরবরাহ করবে। বিশেষ করে যারা রোজা রাখছেন, তারা স্ট্যান্ডে নির্ধারিত স্টল থেকে বিনামূল্যের পানি সংগ্রহ করতে পারবেন।’
সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একই সময়ে মাঠে গড়াবে ম্যাচগুলো।
বাংলাদেশের স্কোয়াড : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
পাকিস্তানের স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা ও শামিল হোসেন।
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৬/বিটি





















