
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসরের মতো সবশেষ আসরেও ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক পরিশোধ নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছে। বিপিএল শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখনো ক্রিকেটারের পুরো টাকা পরিশোধ করেনি ঢাকা ক্যাপিটালস। তবে ফ্রাঞ্চাইজির বকেয়া পরিশোধের সময়সীমা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী এপ্রিলের মাঝামাঝিতে বকেয়া পরিশোধ করার কথা রয়েছে ঢাকা ক্যাপিটালসের। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও সবশেষ বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
মিঠুর মতে, ক্রিকেটারদের ৪ কোটি ৭০ লাখ টাকার মতো দেওয়ার কথা ঢাকার। তবে এর মধ্যে এক কোটি টাকার মতো পরিশোধ করেছে রাজধানীর এই ফ্রাঞ্চাইজিটি। যার ফলে এখনো পারিশ্রমিকের বড় অংশ বাকি রয়ে গেছে।
মিঠু বলেন, ‘ঈদের আগে তারা কিছু কিছু টাকা। তবে তাদেরকে পুরো টাকাটাই দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছিল। সবমিলিয়ে এক কোটি টাকার মতো দিয়েছে। আমার হিসাবে এখবো তিন কোটি সত্তর লাখ টাকার মতো বাকি রয়েছে।’
বিপিএল শেষ হওয়ার দেড় মাস বা ৪৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের কথা ছিল ফ্রাঞ্চাইজিটির। তবে দুই মাস পেরিয়ে গেলেও মেলেনি পুরো পারিশ্রমিক। আগামী ১৫ এপ্রিলের মধ্যে ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন বলে জানিয়েছেন মিঠু।
তিনি বলেন, ‘ঈদ তো শেষ হয়েছে। এখন তাদের ব্যাংক গ্যারান্টির পাঁচ কোটি টাকা রয়েছে। ব্যাংকের মাধ্যমে টাকাটা আসলে ক্রিকেটারদের দিয়ে দেওয়া হবে। যদিও নিয়ম ছিল ৪৫ দিনের মধ্যে টাকা দেওয়ার। ইতোমধ্যে দুই মাস হয়ে গেছে। ক্রিকেটাররা ১৫ এপ্রিলের মধ্যে পাবে।’
গত ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত চলেছে বিপিএল। এবারের আসরের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ঢাকা ক্যাপিটালস নকআউট পর্বে যেতে ব্যর্থ হয়। ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৬/বিটি




















