
বাংলাদেশকে ছাড়াই ইতোমধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের অংশগ্রহণ না করা আর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে এবার আটঘাট বেধে নেমছে নেমেছে আইসিসি। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির মধ্যকার জরুরি সভায় যোগ দিতে গতকাল দিবাগত রাতে লাহোর পৌঁছেছেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল। খবর- ঢাকা পোস্ট।
জানা গেছে, জরুরি এই সভার লক্ষ্য ভারত-পাকিস্তান ম্যাচের ওপর আইসিসির বড় ধরনের আর্থিক স্বার্থ ও ব্রডকাস্টিং রেভিনিউ। পাকিস্তান ম্যাচ বয়কট করলে আইসিসি বিপুল অঙ্কের ক্ষতির সম্মুখীন হবে। যে কারণে বিষয়টি সমাধানের শেষ চেষ্টা হিসেবে আজ (রোববার) লাহোরে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বিশ্বস্ত সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, গতকাল রাত ১টায় লাহোরে পৌঁছান আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে বাংলাদেশের বাদ পড়া এবং পাকিস্তানের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আলোচনা শেষে আজ বিকেলেই বিসিবি সভাপতির ঢাকা ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, চলমান বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অনীহা প্রকাশ করে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়। এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানায় পিসিবি সভাপতি মহসিন নাকভি। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তান সাফ জানিয়ে দেয় তারা এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।
ক্রিফোস্পোর্টস/৮ফেব্রুয়ারি২৬/এনজি


























