Connect with us
ক্রিকেট

মিরপুরে সাংবাদিকদের প্রবেশাধিকারে নতুন বিধিনিষেধ জারি বিসিবির

BCB
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ছবি: সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, নির্ধারিত ইভেন্ট ছাড়া এখন থেকে স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা।

বিসিবির ভাষ্য অনুযায়ী, স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। এ নিয়ম সবার জন্য প্রযোজ্য হলেও গণমাধ্যম প্রতিনিধিদের ক্ষেত্রেও তা কার্যকর থাকবে। সাংবাদিকদের প্রবেশের জন্য আগের মতোই গেট-১ ব্যবহার করতে হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কেবল নির্দিষ্ট উপলক্ষে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বোর্ড থেকে পূর্বঘোষিত অনুশীলন বা প্রশিক্ষণ সেশন।



বিসিবি জানিয়েছে, ভেন্যুর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং বোর্ড কার্যালয়ের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিসিবির পক্ষ থেকে স্টেডিয়াম এবং অফিস প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। মূলত নিরাপত্তা পরিস্থিতি পুনর্বিবেচনা করেই বোর্ড এমন কঠোর অবস্থানে গিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এখন থেকে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিসিবির এই নতুন প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয়ায় মিরপুরের হোম অব ক্রিকেটে বর্তমানে জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই। তবে বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে মিরপুরে।

তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হচ্ছে বিশেষ টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। তিন দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের মোট আর্থিক মূল্যমান প্রায় আড়াই কোটি টাকা, যেখানে ম্যাচ ফি ও প্রাইজমানি অন্তর্ভুক্ত রয়েছে। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে তিন দলের নাম, অধিনায়ক ও কোচিং স্টাফ। ‘ধূমকেতু’ দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এবং সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল। ‘দূর্বার’ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। আর ‘দূরন্ত’ দলের নেতৃত্বে থাকছেন আকবর আলী। দলটির কোচ হান্নান সরকার, সহকারী কোচ রাজিন সালেহ।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট