
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামোতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের পাইপলাইনকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডের ঐতিহাসিক কাউন্টি ক্রিকেট মডেলকে অনুসরণ করতে যাচ্ছে বোর্ড। যেখানে দেশের ঘরোয়া দলগুলোরও একটি করে সেকেন্ড ইলেভেন বা দ্বিতীয় একাদশ গঠন করা হবে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে ঘরোয়া ক্রিকেট নিয়ে নতুন এই পরিকল্পনার কথা জানান বিসিবি প্রধান তামিম ইকবাল।
দেশের ঘরোয়া ক্রিকেট লিগ বিশেষ করে এনসিএল, বিসিএলসহ দীর্ঘ দৈর্ঘ্যের লিগগুলোতে এই নিয়ম আনতে যাচ্ছে বিসিবি। তামিম বলেন, বাংলাদেশের ক্রিকেট যেভাবে ডিজাইন করা, এখানে যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল, এনসিএল, বিসিএলসহ ৬-৭ ধরনের টুর্নামেন্ট খেলছে। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ খেলে, তাদের জন্য লিগ ছাড়া আর কোনো খেলাই নাই। দ্বিতীয় বিভাগ বা তৃতীয় বিভাগ থেকে কোনো প্লেয়ারের জাতীয় দলে উঠে আসার নজির খুবই কম। কারণ আমরা তাদেরকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারিনি।
নতুন পরিকল্পনার কথা জানিয়ে তামিম বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই মৌসুম থেকেই শুরু করব। কাউন্টি ক্রিকেট সম্পর্কে আপনারা জানেন। সেখানে সব দলের প্রথম একাদশ, দ্বিতীয় একাদশ থাকে। এখন থেকে এনসিএল যখন শুরু হবে, প্রতিটি দলের দুটি করে একাদশ থাকবে- প্রথম ও দ্বিতীয় একাদশ। ঢাকার দুইটি একাদশ থাকবে, চট্টগ্রামের দুইটি একাদশ থাকবে। এভাবে সব দলের হবে।
এক ধরনের ক্রিকেটাররাই ঘরোয়া সব টুর্নামেন্টে খেলে যাচ্ছে, কিন্তু অনেকে আছে যারা কোনোটাতেই সুযোগ পাচ্ছেন না। আবার অনেকে দ্বাদশ বা ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে বেঞ্চে বসে কাটাচ্ছে। তবে দ্বিতীয় একাদশ গঠন করা হলে নতুন করে আরও দেড়শ থেকে দুইশ জন ক্রিকেটার সুযোগ পাবে। যার ফলে বেঞ্চে থাকা ক্রিকেটাররাও খেলার সুযোগ পাবে।
তামিম বলেন, অনেকে দ্বাদশ, ত্রয়োদশ প্লেয়ার হিসেবে আজীবন থেকে যায়। তাদের জন্য আরেকটা টুর্নামেন্টের সিস্টেম নেই। আরেকটা একাদশ হলে নতুন করে ১৫০-২০০ ক্রিকেটার খেলার সুযোগ পাবে। দ্বিতীয় একাদশের ম্যাচগুলো হবে তিন দিনের ম্যাচ।
এই পরিকল্পনা অনুযায়ী, প্রথম একাদশে কেউ ভালো করতে না পারলে সে দ্বিতীয় একাদশে গিয়ে খেলতে পারবে। সেখানে কিছু ম্যাচ খেলে ভালো করলে আবার প্রথম একাদশে ফিরতে পারবেন। তামিম বলেন, দ্বিতীয় একাদশে থাকা কেউ একইসময়ে খেলতে থাকবে। প্রথম একাদশ দেখতে পারবে সে কেমন করছে। যদি ভালো করে তাহলে পরের ম্যাচে প্রথম একাদশে নিয়ে আসতে পারবে। আবার কেউ প্রথম একাদশে খারাপ করলে তখন তার কাছেও দ্বিতীয় একাদশে কিছু ম্যাচ খেলে আবার প্রথম একাদশে ফেরার সুযোগ থাকবে।
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৬/বিটি



















