Connect with us
ক্রিকেট

আশরাফুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল বিসিবি

BCB extends Ashraful's contract
মোহাম্মদ আশরাফুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্ত হলেন মোহাম্মদ আশরাফুল। ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক নিজেই দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ১ বছর শান্ত-লিটনদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন আশরাফুল। অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লাল-সবুজ জার্সিধারীদের ব্যাটিং দেখভাল করবেন এই সাবেক ব্যাটার। ২০২৭ সালে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শুরুর অনেক আগেই শেষ হবে এই চুক্তির মেয়াদ।

এর আগে গত নভেম্বরে আয়ারল্যান্ডের সিরিজের আগে শান্ত-লিটনদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পান আশরাফুল। শুরুতে শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এবারের বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এবার নতুন করে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।



আশরাফুলের অধীনে দুটি সিরিজ খেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছে টাইগাররা। টেস্ট সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জিতেছিল লাল-সবুজের দল। ওই সিরিজে ব্যাটারদের পারফরম্যান্সও ছিল সন্তোষজনক। যে কারণে তার সঙ্গে চুক্তি মেয়াদ বাড়ায় বোর্ড।

চলতি মাসে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। এই সিরিজে লিটনদের সঙ্গে কাজ করবেন আশরাফুল। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ যথাক্রমে সিরিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৬/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট