Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচন: কাল থেকে মনোনয়নপত্র বিক্রি

ছবি: বিসিবি

আগামী সাত জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গত শনিবাব খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সোমবার ছিল তালিকার ওপর আপত্তি গ্রহণের দিন।

সব পর্ব শেষে মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশনার। মনোনয়নফরম বিক্রি শুরু হবে আগামীকাল থেকে।

বুধবার ও বৃহস্পতিবার বিসিবির পরিচালক হতে আগ্রহীরা ফরম কেনার সুযোগ পাবেন। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। এই মনোনয়নপত্রের দাম ২০ হাজার টাকা (অফেরতযোগ্য)।



মনোনয়ন জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে শুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়া পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত। ৭ জুন দুপুর ১টার পর আর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না। এরপর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন।

আগের মতো এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন একজন।

১৯২ জন কাউন্সিলরের বিপরীতে এবার জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। কয়েকটি জেলা ও প্রতিষ্ঠান থেকে কাউন্সিলরশিপ জমা পড়েনি। জেলা ক্রীড়া সংস্থাগুলোর মধ্যে কুমিল্লা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম ও নীলফামারী কাউন্সিলরশিপ জমা দেয়নি। এছাড়া কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিও কাউন্সিলরশিপ পাঠায়নি।

ক্রিফোস্পোর্টস/২০মে২৬/এনডি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট