Connect with us
ক্রিকেট

বিসিবি নির্বাচনের ফলাফল প্রকাশ, পরিচালক পদে জয়ী হলেন যারা

BCB election results announced: Here are the winners of the director posts.
বিসিবির পরিচালক হলেন বুলবুল, ফাহিম ও ফারুকরা। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি ১, ২ ও ৩ মিলিয়ে মোট ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় ২ জন নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-১ এ রয়েছে জেলা ও বিভাগীয় কাউন্সিলর। এই ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ১০ জন। ক্যাটাগরি-২ এ রয়েছে ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলর। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ এ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান থেকে ভোট দেওয়া হয়েছে। এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

বিসিবির পরিচালক পদে জয়ী হলেন যারা :

ক্যাটাগরি-১ : এই ক্যাটাগরিতে ঢাকা বিভাগ থেকে হেভিওয়েট প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। তারা দুজনেই নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিভাগ থেকে জিতেছেন আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরি। খুলনা বিভাগ থেকে জিতেছেন আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান। বরিশাল বিভাগ থেকে জিতেছেন সাখাওয়াত হোসেন। সিলেট বিভাগ থেকে জিতেছেন রাহাত শামস। এছাড়া রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।



ক্যাটাগরি-২ : এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া ইফতেখার রহমান মিঠু, ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

BCB Election

বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন নির্বাচন কমিশন। ছবি- ক্রিফোস্পোর্টস

এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছিলেন তামিম ইকবাল। বিসিবি পরিচালক হলে সভাপতি পদের জন্য লড়ার কথা ছিল তারা। তবে পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার করে নেন সাবেক এই টাইগার অধিনায়ক।

ক্যাটাগরি-৩ : এই ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালক পদের জন্য নির্বাচন করেছিলেন পাইলট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পাওয়া দেবব্রত পাল। তাকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন পাইলট।

এনএসসি : এনএসসি কোটা থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

এই নির্বাচিত মোট ২৫ পরিচালকের ভোটে বিসিবি সভাপতি এবং দুই জন সহ-সভাপতি নির্বাচিত হবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে আজ সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোট গ্রহণ শুরু হয়। এই ভোট গ্রহণ চলেছে বিকাল ৪টা পর্যন্ত।

ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/বিটি

Crifosports announcement

Focus

More in ক্রিকেট