
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে উত্তপ্ত দেশের ক্রিকেট অঙ্গন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম ম্যাচ বয়কট করেছে ক্রিকেটাররা। পরে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতে, অভিভাবকসুলভ জায়গা থেকে একজন বোর্ড পরিচালকের করা মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়।
নাজমুল ইসলামের মন্তব্য নিয়ে মিরাজ বলেন, ‘আমরা সবসময় বলি বোর্ড আমাদের অভিভাবক। তারা (বোর্ড কর্তারা) এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক।’
পারিশ্রমিকের বিতর্কে মিরাজ বলেন, ‘প্রায়ই শুনতে হয়, আমাদের টাকায়ই তো তোমরা চলছো। কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল।’
বোর্ডের আয়ের বিষয়ে মিরাজ বলেন, ‘আমরা যে টাকা আয় করি, সেটা বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। আজ বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে, তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা। এতে প্রত্যেক মানুষের হক আছে।’
ক্রিকেটাররা না খেললে স্পন্সর ও আইসিসির লভ্যাংশ আসবে না উল্লেখ করে মিরাজ বলেন, ‘খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।’
বিসিবি পরিচালক নাজমুলের বিতর্কিত মন্তব্যকে ক্রীড়াঙ্গনের জন্য লজ্জাজনক বলে মনে করেন মিরাজ। দ্বায়িত্বে থাকা কারো এমন মন্তব্য করা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, ‘এটা শুধু ব্যক্তিগত না। ক্রীড়াঙ্গনের জন্যই এটা লজ্জাজনক। উনি যে মন্তব্য করেছেন জানি না কীভাবে করেছেন, বুঝে নাকি না বুঝে। আমার কাছে এটার ব্যাখ্যা নাই। তিনিই এটা ভালো জানেন। তার জায়গা থেকে এমন মন্তব্য করা ঠিক না। দায়িত্বে থেকে এমন মন্তব্য করা উচিত না।’
ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা সবসময় ভালো খেলার চেষ্টা করি। আমরা সবসময় সমালোচিত হই। পারফর্ম না করলে এমন খেলোয়াড় নেই যার সমালোচনা হয়নি।’
মাঠের পারফরম্যান্সের জন্যই ক্রিকেটাররা আয় করে উল্লেখ করে মিরাজ বলেন, ‘অনেকের ধারণা, সরকার থেকে আমরা টাকা পাই। না, আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই। আমরা যে আয় করি, আমরাই সবচেয়ে বেশি আয়কর দেই, ২৫–৩০ শতাংশ সরকারকে টাকা দেই।’
ক্রিফোস্পোর্টস/১৫জানুয়ারি২৬/এআই





















