
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আজ (শনিবার) শেষ হয়েছে ওয়ানডে সিরিজের খেলা। রাজশাহীতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ২-১ ব্যবধানে শিরোপা জিতে নিয়েছে সফরকারী। এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে শ্রীলঙ্কা সিরিজের দলে একটি পরিবর্তন এনেছে বিসিবি। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ওপেনার ফারজানা খাতুন। ওয়ানডে সিরিজে দলে ছিলেন তিনি।
ফারজানার জায়গায় দলে সুযোগ পেয়েছেন শারমিন সুলতানা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় সাড়ে ৬ বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। এবার টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় এই ওপেনার।
অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে চার ক্রিকেটারকে রেখেছেন নির্বাচকরা। যেখানে জায়গা হয়েছে মূল স্কোয়াড থেকে বাদ পড়া ফারজানা হকের। এছাড়া শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
ওয়ানডে সিরিজ শেষে এবার রাজশাহী থেকে সিলেটে পাড়ি জমাবে দুই দল। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৩০ এপ্রিল ও ২ মে যথাক্রমে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই সন্ধ্যা ৬ টায় শুরু হবে।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন সুলতানা, সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান,, মারুফা আক্তার, সুলতানা খাতুন ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
স্ট্যান্ডবাই : ফারজানা হক, তাজ নেহার, শরিফা খাতুন ও ফারজানা ইয়াসমিন।
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৬/বিটি




















