
নিউজিল্যান্ড সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের। আগামী মাসের শুরুতে দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। আজ রোববার (২৬ এপ্রিল) আসন্ন এই সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বড় চমক রেখে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের ২ নতুন মুখ তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। বাংলাদেশের হয়ে সাদা বলের ফরম্যাটে নিয়মিত খেলছেন তানজিদ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন এই ওপেনার। আর অমিত হাসান প্রথমবারের মতো জাতীয় দকে ডাক পেয়েছেন।
ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন অমিত। অনেকদিন ধরেই জাতীয় দলের আলোচনায় ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় পঞ্চাশের কাছাকাছি গড় এই ব্যাটারের। সম্প্রতি চলমান বিসিএলেও ইস্ট জোনের হয়ে দেড়শোর্ধ্ব রানের এক ইনিংস খেলেন তিনি। অবশেষে পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে খেলার সু্যোগ পাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সিরিজে খেলেছিলেন তারা। তবে শ্রীলঙ্কা সিরিজ এবং সবশেষ আয়ারল্যান্ড সিরিজের দলে ছিলেন না এই দুই পেসার। এছাড়া সবশেষ আয়ারল্যান্ড সিরিজ মিস করা নাঈম হাসানও দলে ফিরেছেন। দল থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মুরাদ, হাসান মাহমুদ ও খালেদ হাসান।
আগামী ৮-১২ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রথম টেস্টে অনুষ্ঠিত হবে।। এরপর ১৬-২০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
প্রথম টেস্টের স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, অমিত হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৬/বিটি



















