Connect with us
ক্রিকেট

এক বছর পর আম্পায়ার সৈকতের পদত্যাগ গ্রহণ, কারণ জানাল বিসিবি

আম্পায়ার সৈকতকে নিয়ে মুখ খুলল বিসিবি। ছবি: সংগৃহীত

দেশের অন্যতম অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের চুক্তি নবায়ন না করা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। বোর্ডের দাবি, আন্তর্জাতিক দায়িত্ব বেড়ে যাওয়ায় তাঁর সঙ্গে নতুন করে চুক্তি করা হয়নি।

বিসিবি জানিয়েছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত সৈকতের সঙ্গে তাদের চুক্তি ছিল। পরে সেটি আর বাড়ানো হয়নি। কারণ, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার শীর্ষ আম্পায়ারদের তালিকায় থাকায় এখন নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন তিনি। ফলে বিসিবির হয়ে একইভাবে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছিল।

বোর্ড আরও জানিয়েছে, আন্তর্জাতিক দায়িত্বে থাকা শীর্ষ আম্পায়ারদের নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রচলন খুব একটা নেই। কারণ আন্তর্জাতিক সূচি এবং দেশের ঘরোয়া ক্রিকেটের সূচির মধ্যে সমন্বয় করা সহজ হয় না। তবে প্রয়োজন হলে এবং সময় মিললে ভবিষ্যতেও আন্তর্জাতিক সিরিজ ও দেশের বিভিন্ন প্রতিযোগিতায় সৈকতকে দায়িত্ব দেওয়া হবে।



সৈকত বিসিবির চুক্তিভুক্ত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর চুক্তির মেয়াদ ২০২৫ সালের শেষ পর্যন্ত ছিল। পরে সেটি বাড়িয়ে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত করা হয়। এরপর আর নতুন করে চুক্তি করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে আচরণবিধি ভঙ্গের দায়ে তাওহীদ হৃদয়ের শাস্তি কমানোর প্রতিবাদে বিসিবির চুক্তি থেকে পদত্যাগ করেছিলেন সৈকত। সে সময় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তবে এক বছর পর বর্তমান বিসিবি সেই পদত্যাগ গ্রহণ করায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সৈকতের পদত্যাগ গ্রহণের পর নানা প্রশ্ন ওঠায় বিসিবি এই ব্যাখ্যা দিয়েছে। বোর্ডের ভাষ্য অনুযায়ী, তাঁর সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত পুরোপুরি আন্তর্জাতিক দায়িত্ব এবং ব্যস্ততার বিষয়টি বিবেচনায় নিয়েই নেওয়া হয়েছে।

ক্রিফোস্পোর্টস/৫আগস্ট২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট