
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তনের আভাস মিলেছে। চলতি মাসেই শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বকাল। তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বোর্ড।
এই দুটি পদে আবেদন আহ্বান করেছিল বোর্ড। গত ৮ মার্চ আবেদন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়। জানা গেছে, মোট ১৬ জন এই পদগুলোর জন্য আবেদন করেছিলেন। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করতে আজ সাক্ষাৎকার নেয় বোর্ড।
সাক্ষাৎকার শেষে প্রধান নির্বাচকের দায়িত্বের জন্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নামই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। বোর্ডের ভেতরের আলোচনা অনুযায়ী, তিনিই নতুন প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন।
অন্যদিকে সহকারী নির্বাচকের পদে দুজন সাবেক ক্রিকেটারের নাম গুরুত্ব পাচ্ছে। তারা হলেন তুষার ইমরান ও নাইম ইসলাম। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই পদে আপাতত নাইম ইসলামই কিছুটা এগিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত এই দুই জনের একজনকে সহকারী নির্বাচকের দায়িত্ব দেওয়া হতে পারে।
আজকের সাক্ষাৎকার বোর্ডের পক্ষে নেন চারজন পরিচালক। তারা হলেন ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক।
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ডের ভেতরে আরেকটি বৈঠক হতে পারে বলে জানা গেছে। সেই বৈঠকের পরই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ক্রিফোস্পোর্টস/১২মার্চ২৬/টিএ
























