
চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে বড় বিপদে পড়ল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দলের অন্যতম বড় তারকা রাফিনিয়াকে হারাল তারা। চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগের দুই লেগেই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে মিস করবে কাতালান ক্লাবটি।
গত বৃহস্পতিবার রাতে ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। এই ম্যাচে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। তবে ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এর জন্য তাকে প্রায় ৫ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
চোটের কারণে আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচেও খেলতে পারবেন না রাফিনিয়া। আর বার্সেলোনার হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছেন এই তারকা। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাবে না বার্সেলোনা। যা বার্সা শিবিরে দুশ্চিন্তা বাড়িয়েছে।
আন্তর্জাতিক উইন্ডো শেষে এপ্রিলে বেশ কয়েকটি বড় ম্যাচ রয়েছে বার্সার। যেখানে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা মিলিয়ে অ্যাটলেটিকোর বিপক্ষেই ৩ বার মুখোমুখি হবে কাতালনরা। লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে ৪ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে অ্যাটলেটিকোর মুখোমুখি হবে তারা। এরপর ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকোকে আতিথ্য দেবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এরপর ১৪ এপ্রিল দ্বিতীয় লেগের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল।
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে বার্সেলোনায় ফিরে যাবেন রাফিনিয়া। ইএসপিএন জানিয়েছে, রাফিনিয়ার চোটের যে ধরন, তাতে আগামী মাসে তার ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ মে মাসের আগে তাকে মাঠে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে মে মাসের শুরুতে কিংবা মাঝামাঝিতে মাঠে ফিরতে পারেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগের ২ ম্যাচের পাশাপাশি এপ্রিলে লা লিগার ৪টি ম্যাচও মিস করতে পারেন রাফিনিয়া। যদি বার্সা কোয়ার্টার পেরিয়ে সেমিতে উঠতে পারে, সেখানেও তাকে পাওয়া নয়ে বড় শঙ্কা রয়েছে। কেননা এপ্রিলের শেষে সেমিফাইনালের প্রথম লেগ এবং মে মাসের শুরুতে ফিরতি অনুষ্ঠিত হবে। যার ফলে বড় বিপাকে পড়েছে বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/২৮মার্চ২৬/বিটি




















