
চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে আজ দিবাগত রাতে মাঠে নামছে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে টিকে থাকতে আজ রাতে অগ্নিপরীক্ষা দিতে হবে বার্সেলোনাকে। অন্যদিকে অ্যাতলেটিকো মাদ্রিদের সামনে ৯ বছর পর সেমিতে ওঠার সুযোগ রয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম দেখায় বার্সেলোনাকে বিধ্বস্ত করে অ্যাতলেটিকো। বার্সাকে তাদের ঘরের মাঠে ২-০ তে হারিয়ে দেয় দিয়েগো সিমিওনের শিষ্যরা। প্রথম লেগে জয় নিয়ে বেশ স্বস্তিতেই রয়েছে তারা। কেননা দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে বার্সাকে আতিথ্য দেবে তারা। মেট্রোপলিতানোয় ফেবারিট হিসেবেই নামবে গ্রিজম্যানরা।
অ্যাটলেটিকোর সামনে দীর্ঘ ৯ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে সেমিফাইনালে খেলেছিল তারা। এরপর দ্বিতীয় রাউন্ড কিংবা কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।
অন্যদিকে বার্সেলোনা ২০১৭-১৮ মৌসুমের পর গত মৌসুমে সেমির টিকিট পেয়েছিল। যদিও ইন্টার মিলানের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় তারা। তবে এবার কোয়ার্টার ফাইনালেই স্বপ্নভঙ্গের দ্বারপ্রান্তে পাঁচবারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে অ্যাতলেটিকোকে তাদের ঘরের মাঠে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে হারাতে হবে লামিন ইয়ামালদের। তবে সেটা মোটেও সহজ হবে না।
অবশ্য চলতি মাসেই অ্যাতলেটিকোকে তাদের ঘরের মাঠে হারিয়েছে বার্সা। গত ৪ এপ্রিল মেট্রোপলিতানোয় লা লিগার ম্যাচে অ্যাতলেটিকোকে ২-১ গোলের ব্যবধানে হারায় বার্সা। তবে এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় চাপে থেকে মাঠে নামবে তারা। কেননা ইতোমধ্যে ২ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা।
আজ দিবাগত রাত ১টায় শুরু হবে বার্সেলোনা-অ্যাতলেটিকো মহারণ। এখন দেখার পালা বার্সা নাকি দীর্ঘ ৯ বছর সেমিফাইনালের টিকিট পাবে সিমিওনের শিষ্যরা!
ক্রিফোস্পোর্টস/১৪এপ্রিল২৬/বিটি





















