বিশ্বকাপের ফাইনালে স্পেনকে শিরোপা জেতানো গোল করার পর ফেরান তোরেসকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। এবার তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে ফ্রান্সের ক্লাব প্যারিস। তবে বার্সেলোনা স্পষ্ট করে দিয়েছে, নির্ধারিত অর্থ না পেলে তারা এই ফরোয়ার্ডকে ছাড়বে না।
স্পেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ফেরান তোরেসকে দলে নিতে চাইলে ৫৫ মিলিয়ন ইউরো দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭৮১ কোটি টাকা। এই অর্থ পেলেই কেবল তাকে ছাড়ার বিষয়টি বিবেচনা করবে বার্সেলোনা।
বার্সেলোনার পরিকল্পনায় এখনো গুরুত্বপূর্ণ জায়গায় আছেন তোরেস। ক্লাবটি তার সঙ্গে নতুন চুক্তিও করতে চায়। তবে নির্ধারিত বেতনের বাইরে গিয়ে কোনো প্রস্তাব দিতে রাজি নয় তারা। অন্য কোনো ক্লাব বেশি বেতন দিতে চাইলে সেই প্রতিযোগিতায় নামবে না বার্সেলোনা।
সবশেষ সিদ্ধান্ত অবশ্য তোরেসের ওপরই ছেড়ে দিয়েছে ক্লাবটি। তিনি যদি বার্সেলোনাতেই থাকতে চান, তাহলে নতুন চুক্তির আলোচনা এগিয়ে যাবে। আর যদি নতুন কোনো দলে যেতে আগ্রহী হন, তাহলে উপযুক্ত মূল্য পেলেই তাকে ছাড়তে প্রস্তুত কাতালান ক্লাব।
এখন পর্যন্ত প্যারিসের পক্ষ থেকে বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তবে তোরেসকে ঘিরে তাদের আগ্রহের খবর ইতোমধ্যেই ইউরোপের ফুটবল অঙ্গনে ছড়িয়ে পড়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে তোরেস নিজের অবস্থান জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে একই অঙ্কের অর্থ খরচ করে ফেরান তোরেসকে দলে এনেছিল বার্সেলোনা। তাই এখন তাকে বিক্রি করতে হলেও অন্তত সেই অর্থ ফেরত পেতে চায় ক্লাবটি।
তবে তোরেস দল ছাড়লে বার্সেলোনাকে নতুন করে একজন আক্রমণভাগের খেলোয়াড় খুঁজতে হবে। বর্তমানে হামজা আবদেলকরিম ছাড়া ওই জায়গায় বিকল্প খুব বেশি নেই। তাই তোরেসের ভবিষ্যৎ নির্ধারণের সঙ্গে সঙ্গে নতুন খেলোয়াড় আনার পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে বার্সেলোনা।
ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৬/টিএ



