
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে এশিয়ান গেমসের হকি বাছাই পর্বে বড় পরিবর্তন এসেছে। আগে ঠিক ছিল, আগামী ২৮ মার্চ ওমানের মাসকাটে এই টুর্নামেন্ট শুরু হবে। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে অঞ্চলটি নিরাপদ না থাকায় ওমান থেকেও ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে।
এশিয়ান হকি ফেডারেশন জানায়, নতুন ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে থাইল্যান্ড। শুধু জায়গা নয়, টুর্নামেন্টের সময়ও বদলেছে। এখন আর ২৮ মার্চ নয়, খেলা শুরু হবে ২ এপ্রিল থেকে।
সূচি পরিবর্তনের কারণে বাংলাদেশের দলও নির্ধারিত সময়ের চেয়ে পরে রওনা দেবে। আগে ২৫ মার্চ যাত্রার কথা থাকলেও এখন দল দেশ ছাড়বে ৩১ মার্চ।
ভেন্যু ও সময় বদলালেও অংশগ্রহণকারী দলের সংখ্যা একই রয়েছে। মোট ৯টি দল এই বাছাই পর্বে খেলবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। এই ৯ দলের মধ্য থেকে শীর্ষ ৪টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ দলের প্রধান কোচ আশিকুজ্জামান জানিয়েছেন, প্রস্তুতি ভালোভাবেই এগোচ্ছে। অতীতেও এই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার শিরোপা জিতেছে। এবারও ভালো ফলের লক্ষ্য নিয়েই দল অংশ নেবে বলে জানান তিনি।
এদিকে জাতীয় দলের প্রাথমিক দলে পরিবর্তন এসেছে। কয়েক ধাপে কমতে কমতে এখন স্কোয়াডে আছেন ২৬ জন খেলোয়াড়। তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সোহানুর রহমান সবুজ ক্যাম্প ছেড়েছেন। জানা গেছে, ব্যক্তিগত একটি শৃঙ্খলাজনিত কারণে তার প্রতিষ্ঠান তাকে ফিরিয়ে নিয়েছে।
চূড়ান্ত দলে থাকবেন ১৮ জন খেলোয়াড়। নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফ মিলেই শিগগিরই চূড়ান্ত দল ঘোষণা করবে।
ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৬/টিএ





















