Connect with us
ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

Bangladesh women football team
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট সামনে রেখে নিজেদের যথাযথ প্রস্তুত করতে মুখিয়ে আছে ঋতুপর্ণা-সুমাইয়ারা। আর তাই ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দল নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এর আগে গত মাসে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। অবশ্য সেখানে তাদের সামনে টিকতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫৩তম ধাপের দলের কাছে দুটি ম্যাচেই পরাজিত হয় ১০৪তম স্থানে থাকা বাংলাদেশ নারী দল।

শক্তিশালী দলের বিপক্ষে খেলে নিজেদের সামর্থ্য পরীক্ষা করে দেখার পাশাপাশি কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার মানসিকতা তৈরি করতে চায় দল। তাই এবার ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭৪তম স্থানে থাকা আজারবাইজান ও ৯২তম মালয়েশিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।



এই সিরিজের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে মোট দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। আগামী ২৬ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে আফঈদা খন্দকাররা। এরপর ২ ডিসেম্বর আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে পয়েন্ট ব্যবধানে এগিয়ে দল জিতবে শিরোপা।

এর আগে চলতি বছরের জুলাইয়ে মিয়ানমারের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বে খেলা তিন ম্যাচের সবকটিতে জিতে প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বে তারা পরাজিত করে বাহারাইন, তুর্কেমেনিস্তান ও শক্তিশালী মিয়ানমারকে।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপের মূল আসর। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ফিফা বিশ্বকাপের ফাইনাল ও কোয়ার্টার ফাইনাল খেলা দল যথাক্রমে চীন ও উত্তর কোরিয়া। এছাড়াও তৃতীয় দল হিসেবে বাংলাদেশের গ্রুপে আছে উজবেকিস্তান।

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement

Focus

More in ফুটবল