Connect with us
ক্রিকেট

সিরিজ বাঁচাতে বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস

BD
বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস। ছবি: সংগৃহীত

সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ২৬ রানের হার দেখেছে দলটি। জয়ের কাছাকাছি গিয়েও শেষ দিকে দায়িত্বহীন শটে ম্যাচ হাতছাড়া করেছেন ব্যাটাররা। তাই দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে দলের প্রধান চিন্তা এখন ব্যাটিং শক্তি বাড়ানো।

আজ মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো অবস্থায় আছেন তিনি। সর্বশেষ কয়েকটি ম্যাচে নিয়মিত রান করেছেন, এমনকি কঠিন উইকেটেও বড় ইনিংস খেলেছেন। তাই তাকে দলে ফেরানোর সম্ভাবনাই বেশি।

সৌম্য দলে এলে জায়গা হারাতে পারেন নাজমুল হোসেন শান্ত কিংবা আফিফ হোসেন ধ্রুব। দুজনের কেউই সাম্প্রতিক সময়ে ধারাবাহিক নন। ব্যাটিং ক্রমেও কিছু পরিবর্তন আসতে পারে। তিন নম্বরে দেখা যেতে পারে সাইফ হাসানকে। এরপর লিটন দাস, তাওহিদ হৃদয়দের নিয়ে গড়া হবে মাঝের সারি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ থাকবেন নিচের দিকে। তবে ব্যাট হাতে তার কাছ থেকেও ভালো কিছু আশা করছে দল।



বোলিং বিভাগ নিয়ে চিন্তা তুলনামূলক কম। প্রথম ম্যাচে বোলাররা নিজেদের কাজ ভালোভাবেই করেছেন। তাই এই বিভাগে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তিন পেসার এবং একজন লেগ স্পিনার নিয়ে একাদশ সাজানো হতে পারে। মুস্তাফিজুর রহমান দলে ফিরতে পারেন। তবে সেক্ষেত্রে তাসকিন আহমেদ কিংবা নাহিদ রানার মধ্যে একজনকে বাইরে বসতে হতে পারে। শরিফুল ইসলাম প্রথম ম্যাচে ভালো করায় তাকে বাদ দেওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে নিউজিল্যান্ড প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী। মিরপুরের উইকেট ও পরিবেশ সম্পর্কে তাদের প্রস্তুতিও ভালো ছিল। একই একাদশ নিয়েই তারা মাঠে নামতে পারে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় সফরকারীরা।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের জন্য এটি সিরিজ টিকিয়ে রাখার লড়াই, আর নিউজিল্যান্ডের জন্য সিরিজ জয়ের সুযোগ।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত বা আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ বা নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম, ডিন ফক্সক্রফট, মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রউরকে, জেডন লেনক্স।

ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট