Connect with us
হকি

ঘূর্ণিঝড়ের কারণে চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত

women hockey 18
চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচের সময়। ছবি: সংগৃহীত

জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় আজ চীনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতিযোগিতার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে আজকের ম্যাচটি স্থগিত করে আগামীকালের জন্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান জানান, সকালে একটি ম্যাচ অনুষ্ঠিত হলেও দুপুরের পর ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা থাকায় দিনের বাকি সব ম্যাচ স্থগিত করা হয়েছে। পরে এশিয়ার হকি নিয়ন্ত্রক সংস্থা নতুন সূচি প্রকাশ করে।

আগামীকাল বাংলাদেশের নারী ও বালক, দুই দলই মাঠে নামবে। নারী দলের প্রতিপক্ষ চীন। শেষ চার নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে।



অন্যদিকে বালক দলের সামনে অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ লড়াই। পাকিস্তানের বিপক্ষে জয় পেলে তারা সরাসরি শেষ চারে জায়গা করে নেবে। তবে ম্যাচ ড্র হলে গোল ব্যবধানের কারণে সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে যাবে।

প্রতিযোগিতায় বাংলাদেশ নারী দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলে হেরেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

বালক দলও মিশ্র ফল পেয়েছে। প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে।

এখন দুই দলের সামনেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামীকালের ফলই ঠিক করে দেবে বাংলাদেশের সেমিফাইনালের ভাগ্য।

ক্রিফোস্পোর্টস/২জুন২৬/টিএ

Crifosports announcement

Focus

More in হকি